× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিরোধ্য মোহামেডানের সামনে ফর্টিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম

অপ্রতিরোধ্য মোহামেডানের সামনে ফর্টিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়রথ তো ছুটছেই; সর্বশেষ ফেডারেশন কাপেও বড় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফ ডজন গোলে গত মঙ্গলবার তারা উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এবার লিগের খেলায় আগামীকাল শুক্রবার মাঠে নামছে আলফাজ আহমেদের দল। উড়তে থাকা সাদা-কালোদের প্রতিপক্ষ ফর্টিস এফসি। একই দিনে ম্যাচ আছে আরও দুটি। দুপুরে ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। সন্ধ্যার ম্যাচে বসুন্ধরা কিংস মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। সব ম্যাচ সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস নেটওয়ার্কে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রথমবার হারের পর এবার ঘরের মাঠে ফিরছে কিংস। লিগের চার ম্যাচের দুটিতে হারা কিংস শিবির খুঁজছে জয়। তবে এই মৌসুমে দারুণ ছন্দে থাকা ব্রাদার্সের বিপক্ষে সেটি মোটেও সহজ কাজ হবে না। অন্তত এই মৌসুমে কিংসের পারফরম্যান্স সেটিরই ইঙ্গিত দেয়। ফেড কাপে ফর্টিসের বিপক্ষে হার, লিগে আবাহনী, মোহামেডানের বিপক্ষে পয়েন্ট ছাড়া মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। রবসন রবিনিওর মতো তারকা ফুটবলারদের ছাড়া অনেকটাই বিবর্ণ কিংস। সেই সুযোগ কাজে লাগিয়ে কিংস অ্যারেনায় এবার তাদের বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত ব্রাদার্স। 

লিগের চার ম্যাচে দুটিতে জয়, একটিতে হার ও অন্য ম্যাচে ফর্টিসের মতো দলের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের সুবাদে টেবিলের চারে আছে ব্রাদার্স। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। বাংলাদেশ পুলিশ এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে লিগ শুরু করা ব্রাদার্সকে কীভাবে মোকাবিলা করে কিংস সেটিই এখন দেখার অপেক্ষা। এদিকে, কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে শুক্রবার ফর্টিসকে আতিথেয়তা দেবে মোহামেডান। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ২.০-তে হেরে শুরু করা মোহামেডান অবশ্য পরের চার ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। কী ফেড কাপ, কী প্রিমিয়ার লিগ; সবখানেই দুর্দান্ত এক মোহামেডানকে এবার দেখছে সমর্থকরা। 

লিগের প্রথম লেগের খেলায় কাল মোহামেডানের সামনে ফর্টিস। রহমতগঞ্জের বিপক্ষে হেরে লিগ শুরু করলেও পরের তিন ম্যাচে অপরাজেয় দলটি। যদিও ব্রাদার্স এবং ওয়ান্ডারার্সের মতো দলের বিপক্ষে ড্র করাটা তাদের নামের সঙ্গে অনেকটা বেমানানই। ওই দুই ম্যাচে পয়েন্ট হারানোয় টেবিলেও যে কারণে দলটির অবস্থান সাতে। তবে ফর্টিসের বিপক্ষে একেবারে অপরাজেয় নয় মোহামেডান। দুই দলের সর্বশেষ চারবারের দেখায় জয়ের পাল্লা মোহামেডানের ভারী (৩ বার) হলেও, সাদা-কালোদের এর মধ্যে একবার হারানোর সুখস্মৃতি আছে ফর্টিসের। 

গত বছর ফেব্রুয়ারিতে মোহামেডানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছিল ফর্টিস। খেলার ৪৬ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে থাকার পরও সাদা-কালোদের ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ফর্টিস এফসি। এবারের মৌসুমে দুর্দান্ত মোহামেডানকে হারাতে সেই ম্যাচের সুখস্মৃতি সঙ্গী ফর্টিসের। চলতি মৌসুমে ফর্টিস দারুণ কিছু খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে। মোহাম্মদ নোভা ও গাম্বিয়ার ওমর সার আছেন দুর্দান্ত ছন্দে। মোহামেডানের খেলোয়াড়েরাও প্রায় প্রতি ম্যাচে আলো কাড়ছেন। বিশেষ করে মোজাফফর মোজাফফরভ, সোলেমান দিয়াবাতে, এমানুয়েল টনি ও আরিফরা আছেন ছন্দে। যেকোনো দলের জন্য তারা হুমকি হতে পারেন। ফেড কাপে সর্বশেষ ম্যাচের বিরতির সময় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন দলটির তারকা স্ট্রাইকার দিয়াবাতে। তবে দলটির সমর্থকদের জন্য সুখবর হচ্ছে তার ইনজুরি গুরুতর নয়। এই ম্যাচেই খেলতে পারবেন তিনি।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা দুই দল ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী। বন্দর নগরীর ক্লাবটি টানা চার ম্যাচেই হেরে মাঠ ছেড়েছে। সেই দিক থেকে সামান্য এগিয়ে ওয়ান্ডারার্স। সর্বশেষ খেলায় ১-১ গোলে তারা রুখে দেয় ফর্টিসকে। ১ পয়েন্ট নিয়ে লিগের প্রথম জয়ের সন্ধানে এবার তালিকার নয়ে থাকা ওয়ান্ডারার্স। শেষ পর্যন্ত এই দলের কে পায় লিগের প্রথম জয় সেটিই জানার অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা