× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্সিং ডে টেস্ট

কনস্টাসে দারুণ শুরু অস্ট্রেলিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৪ পিএম

ধাক্কা লাগার ঘটনায় তর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস

ধাক্কা লাগার ঘটনায় তর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস

১৮ বলে ২ রান। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শুরুতে জাসপ্রিত বুমরা কী কঠিন পরীক্ষাটাই না নিলেন স্যাম কনস্টাসের। যদিও গল্পের শেষ দৃশ্যপটে শুধুই অজি তরুণের তেলেসমাতি। অভিষিক্ত টেস্টের শুরুতে ধুঁকপুকানির ভাবধরা ১৯ বর্ষী এ ব্যাটার ৫২ বলে করেছেন ফিফটি, যা অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির নজির। এদিন কনস্টাস ও তার অপর তিন সঙ্গীর ফিফটিতে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রানে প্রথম দিন শেষ করেছে।

বৃহস্পতিবার টস জিতে ওসমান খাজা ও কনস্টাসকে ব্যাটিংয়ে পাঠান প্যাট কামিন্স। চার ব্যাটার ফিফটির দেখা পেলেও অভিষেকে আলো ছড়িয়েছেন কনস্টাস। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে ৬৫ বলে ৬০ রানের দর্শনীয় ইনিংসে অভিষেকটা রাঙিয়েছেন তিনি। এই ইনিংসে কনস্টাসের স্ট্রাইক রেট ৯২.৩০। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ১ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। কনস্টাস বিদায় নিলে ভাঙে ৮৯ রানের ওপেনিং জুটি। তারপর খাজা-লাবুশেন মিলে ৬৫ রান যোগ করেছেন। খাজা ১২১ বলে ৫৭ রানের ইনিংসে ফিরলে ভাঙে এই জুটি।

লাবুশেন-স্মিথ জুটিও দাপট দেখাতে থাকে। লাবুশেনকে ৭২ রানে থামিয়ে এই জুটি ভেঙেছেন ওয়াশিংটন সুন্দর। তারপর কিছুটা নড়বড়ে হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং। ট্রাভিস হেড (০), মিচেল মার্শ (৪) দ্রুত ফেরেন। অ্যালেক্স ক্যারিও ৩১ রানের বেশি করতে পারেননি। তবে প্রান্ত আগলে ৪২তম ফিফটি তুলে ৬৮ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ। সঙ্গে ৮ রানে ব্যাট করছেন অধিনায়ক প্যাট কামিন্স। বেশিরভাগ সময় ভারতের ওপর দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। তবে শেষ সেশনে চার উইকেট তুলে ম্যাচে ফেরে সফরকারী দল। যার নেতৃত্বে ছিলেন বুমরা। ৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

আলোচনায় থাকা এ টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের দশম ওভারের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওভার শেষে পিচের পাশ দিয়ে হাঁটার সময় কনস্টাসের কাঁধে ধাক্কা লাগে কোহলির। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ভিডিও দেখে যে কেউ বলবে আদতে দোষটা কোহলিরই ছিল। এর জন্য অবশ্য জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় ব্যাটারকে। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

আইসিসি জানিয়েছে, কোহলির বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা ‘আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক সংযোগের’ সঙ্গে সম্পর্কিত। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ। কোহলি নিজের দায় স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

মেলবোর্নের টেস্টে দ্যুতি ছড়ানো এবং যাকে নিয়ে এত আলোচনা, সেই কনস্টাসের কোচ কি না একজন বাংলাদেশি। অজি ব্যাটারের সঙ্গেই কাজ করছেন তাহমিদ ইসলাম নামের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এক বাংলাদেশি ব্যাটার। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, নাথান ম্যাকাসুইনির জায়গায় ডাক পাওয়া কনস্টাস অস্ট্রেলিয়ার দলে যোগ দিয়েছেন রবিবার। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মিখায়ের ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এ ছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তার ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদ ইসলামকে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা