সেঞ্চুরিয়ন টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ পিএম
রান-খরার মধেও বাবর আজমের ওপর আস্থা হারায়নি পাকিস্তান। দুই টেস্ট পরেই দলে ফেরানো হয়েছে তারকা ব্যাটারকে। এবার একাদশেও জায়গা পেলেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। সেঞ্চুরিয়নে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট। আগের দিন একাদশ ঘোষণা করেছে সফরকারীরা। এই ম্যাচের জন্য কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি তারা। প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ে নামছে চার পেসার নিয়ে।
টেস্টে দুই বছর ধরে নিজেকে মেলে ধরতে পারছেন না বাবর। সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই তার। চল্লিশের ঘরে যেতে পেরেছেন কেবল একবার। তার ব্যাট থেকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস সবশেষ দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে, করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৬১ রানের ইনিংস। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খারাপ করার পর শেষ দুই টেস্টের দল থেকেই বাদ পড়েন বাবর। এবার তাকে ফেরানো হলো দক্ষিণ আফ্রিকা সিরিজে। সেঞ্চুরিয়নে তিনে ব্যাটিং করবেন তিনি।
টেস্টে এ বছর ১২ ইনিংসে বাদ পড়া শাফিকের ব্যাটিং গড় ১৫ এর একটু বেশি। ১৭৪ রানের বেশিরভাগই করেন তিনি এক ইনিংসে। মুলতানের উইকেটে খেলেন ১০২ রানের ইনিংস, যেখানে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করে ইংল্যান্ড। বাকি ১১ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন তিনি স্রেফ দুইবার।
ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন নাসিমও। আর তিন বছরের বেশি সময় পর টেস্ট খেলতে যাচ্ছেন আব্বাস। লাল বলে সবশেষ মাঠে নামেন তিনি ২০২১ সালের অগাস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখেই মুলত একাদশে কোনো স্পিনার রাখেনি পাকিস্তান। তবে প্রয়োজনে অফ স্পিনে দলকে সহায়তা করতে পারেন সালমান আলি আগা। বাঁহাতি স্পিনে কার্যকর ভূমিকা রাখতে পারেন সাউদ শাকিলও।
পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সালমান আলি আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।