আইসিসি র্যাঙ্কিং
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম
মেহেদী হাসান মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতায় বছর শুরু করা বাংলাদেশ শেষটা রাঙিয়েছে জয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই মিশিয়ে দিয়েছে লিটন দাসরা। ধবলধোলাইয়ের স্বীকৃতি আইসিসি র্যাঙ্কিংয়ে পেলেন বাংলাদেশের খেলোয়াড়রা। বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ফুটে উঠেছে মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়ের কীর্তি।
আইসিসি টি-টোয়েন্টি বোলারদের
র্যাঙ্কিংয়ের শীর্ষে দশে উঠে এসেছেন মিরাজ। দারুণ পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার
জিতেছিলেন তিনি। তার মোট উইকেট ছিল ৮টি। এক ম্যাচেও ২০ রানের বেশি খরচ করেননি। তাতে
১৩ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছেন। ২০২১ সালের পর প্রথমবার শীর্ষ
দশে জায়গা পেলেন মিরাজ। পরের অবস্থানটি তাসকিন আহমেদের। র্যাঙ্কিংয়ে স্পিডস্টারের
অবস্থান ১১তম। মোট সাত ধাপ এগিয়েছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৭ উইকেট তুলেছেন।
উইন্ডিজ সিরিজ ছাড়াও বছরজুড়ে দুর্দান্ত ছিলেন তিনি। ২০১৪ সালে অভিষেকের পর থেকে এই
বছরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি। ২০২৪ সালে মোট ৬৩ উইকেট অর্জন করেন তাসকিন।
দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম
হাসানও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। ২৩ ধাপ এগিয়ে হাসানের অবস্থান ২৪ নম্বরে, ১৬
ধাপ এগিয়ে তানজিমের ৪৫ নম্বরে। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলা
জাকের আলী বিশাল লাফ দিয়েছেন। ৮৫ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৭ নম্বরে।
লেগ স্পিনার রিশাদ ২১ ধাপ এগিয়েছেন।
১৭ নম্বরে অবস্থানে উঠে এসেছেন। রিশাদ চলতি বছরে টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৩৫টি।
যা এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। ধারাবাহিক পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজেও ধরে
রেখেছেন রিশাদ। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে নেন ৬ উইকেট।
টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে নতুন
কীর্তি গড়েছেন যশপ্রীত বুমরা। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে বুমরা। টেস্ট র্যাঙ্কিংয়ে
ভারতের বোলারদের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ছুঁয়েছেন বুমরা। ২০১৬ সালে সমান ৯০৪
রেটিং পয়েন্টই পেয়েছিলেন সদ্য অবসর নেওয়া ভারতীয় পেসার রবিচন্দ্রন অশ্বিন। আর টেস্ট
অলরাউন্ডারদের শীর্ষস্থানে পরিবর্তন ঘটেনি। চূড়ায় ভারতের রবিন্দ্র জাদেজা। ব্রিজবেন
টেস্টে চার উইকেট নিয়ে ও ৪২ রান করে তিন ধাপ এগিয়ে এই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে
নিয়েছেন প্যাট কামিন্স।
ওয়ানডে ফরম্যাটে উন্নতি হয়েছে
হেনরিখ ক্লাসেনের। পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক তিনটি অর্ধশতক পেয়েছেন প্রোটিয়া
ব্যাটার। ১৩ নম্বর থেকে এক লাফে পাঁচে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের তরুণ ওপেনার সায়েম
আইয়ুবও সুফল পেয়েছেন। দুই সেঞ্চুরিতে ক্যারিয়ারসেরা ২৩ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি।
ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে শীর্ষে পাকিস্তানের বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৭৯৫। দ্বিতীয়
অবস্থানে থাকা রোহিত শর্মার পয়েন্ট ৮৬৫।