প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১২ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো
প্রেমিক ১ লাখ গুণ বেশি পায় বেতন পায়। ক্রীড়াঙ্গণে নারী-পুরুষদের বেতন বৈষম্য নিয়ে সম্প্রতি অভিযোগ তুলেছিলেন সুইজারল্যান্ডের নারী ফুটবলার অ্যালিশা লেম্যান। এ বছরই অ্যাস্টন ভিলা থেকে জুভেন্টাসে নাম লেখানো লেম্যান পুরুষ ও নারী ফুটবলারদের বেতনের বৈষম্য কিছুতেই যেন মানতে পারছেন না। এটাকে তিনি স্রেফ অন্যায় বলছেন। কারণ তার প্রেমিক জুভেন্টাসের হয়ে খেলে তার চেয়ে এক লাখ গুণ বেশি বেতন পান।
বিশ্বের বাকি সব সেক্টরের মতো ক্রীড়াক্ষেত্রেও নারী-পুরুষের আয়ের বৈষম্য দৃশ্যমান। এখানে পুরুষদের তুলনায় হাজার গুণ কম আয় করেন নারী ক্রীড়াবিদরা। আয়ে নারী ক্রীড়াবিদেরা পুরুষ ক্রীড়াবিদদের চেয়ে কতটা পিছিয়ে হালনাগাদ সেই তথ্য দিয়েছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ ও ক্রীড়া–বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’।
ফোর্বস ও স্পোর্টিকোর হিসাবে নারী ও পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে আয়ের পার্থক্য এতটাই বেশি যে ক্রিস্টিয়ানো রোনালদোর একার আয় শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের সম্মিলিত আয়ের চেয়ে বেশি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ২০২৪ সালেও শীর্ষস্থান ধরে রেখেছেন। এ বছর রোনালদোর আয় ২৬ কোটি মার্কিন ডলার, যেখানে স্পোর্টিকোর হিসাব অনুযায়ী শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ মিলে এ বছর আয় করেছেন ২২ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ ১৫ জনের সম্মিলিত আয়ের চেয়ে রোনালদোর আয় ৩ কোটি ৮৭ লাখ ডলার বেশি।
নারী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয় যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফের। তিনি এ বছর ৩ কোটি ৪ লাখ ডলার আয় করেছেন। দ্বিতীয়স্থানে থাকা আইলিন গুয়ের আয় ২ কোটি ২১ লাখ। তাঁর আয়ের প্রায় পুরোটাই এসেছে বিজ্ঞাপন থেকে। শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের ৯ জনই টেনিস খেলোয়াড়, ৩ জন গলফার এবং ১ জন করে স্কিইয়ার, জিমন্যাস্ট ও বাস্কেটবল খেলোয়াড়। স্পোর্টিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৫ ক্রীড়াবিদ গত বছরের তুলনায় এ বছর ২৭ শতাংশ বেশি অর্থ উপার্জন করেছেন।
পুরুষ ক্রীড়াবিদের মধ্যে আয়ে শীর্ষ পাঁচের তিনজনই ফুটবলার। রোনালদো ছাড়াও আছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (সাড়ে ১৩ কোটি) এবং এ বছরই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে (১১ কোটি)।