প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ পিএম
এক প্রকার ভয়ঙ্কর অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। সবশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হার, বিপরীতে একটিতে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া সিটিজেনরা। জানুয়ারিতে শক্তিশালী স্কোয়াড গঠনে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছেন দলটির ম্যানেজার গার্দিওলা। এরই অংশ হিসেবে আর্জেন্টাইন তরুণ এবং অনেকের কাছে ভবিষ্যতের মেসি ক্লাওদিও এচেভেরিকে দলে ফেরাতে চাইছে ম্যানসিটি। এচেভেরিও নিশ্চিত করেছেন যে জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি।
১২মাস আগে আর্জেন্টিার ক্লাব রিভার প্লেট থেকে ১২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এচেভেরি। এরপর এচেভেরিকে ধারে রাখা হয় তারই নিজ ক্লাবে। যেমনটা ২০২২ সালে জুলিয়ান আলভারেজের সঙ্গেও করেছিল ম্যানসিটি। এরপর তাকে আর্জেন্টাইন আরেক ক্লাব জিরোনায় ধারে পাঠানোর সিদ্ধান্ত ছিল সিটি ম্যানেজমেন্টের। সেখান থেকে অবশ্য সড়ে এসেছে ক্লাবটি। আগামী জানুয়ারিতে তাকে ম্যানসিটি শিবিরে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ইপিএল রানার্সআপরা।

সম্প্রতি আর্জেন্টিনাই নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এচেভেরি। ওই ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে সবসময় যে সমর্থন পেয়েছি তার জন্য আমি রিভারপ্লেটকে ধন্যবাদ জানাতে চাই। যে ক্লাব থেকে আমার পরিচিতি শুরু, আমি এবং আমার পরিবার আপনাদের ধন্যবাদ জানাতে চাই। রিভার প্লেটের প্রতি কৃতজ্ঞ, ক্লাবের সঙ্গে যারা কাজ করেন সবার প্রতি কৃতজ্ঞ।’ মাত্র ১৭ বছর বয়সে সিনিয়র ফুটবলে অভিষেক হয় এচেভেরির। এরপর তাকে নিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোয় শুরু হয় হৈচৈ। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো তাকে দলে ভিড়াতে মরিয়া হয়ে উঠে। এই রেসে শেষ পর্যন্ত জিতে যায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে এতকিছুর জন্য রিভার প্লেটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ১৮ বছর বয়সি এচেভেরি, ‘এটা অনন্য কিছু, এখানে থাকার স্মৃতিগুলো দারুণ। যখন আমি খুব ছোট ছিলাম তখন নিজের আত্মপ্রকাশের অন্যতম কারণ ছিল এই ক্লাবটি। সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।’
ক্লাবে নিজের বিদায় নিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন এচেভেরি, ‘আমাকে আজ আমার জীবনের ক্লাবকে বিদায় জানাতে হবে। যে ক্লাবটিতে আমি অনেক স্বপ্ন পূরণ করার জন্য খুব অল্প বয়সে যোগ দিয়েছিলাম। রিভার প্লেট আমার সেকেন্ড হোম হয়ে উঠেছে। সেই ক্লাব যা আমাকে শুধু পেশাদার হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও গড়ে তুলেছে। আমি তাদের মিস করতে যাচ্ছি এবং আমি যেখানেই থাকি না কেন, এই ক্লাবের একজন ভক্ত বা সমর্থক হয়ে থাকব। শীঘ্রই দেখা হবে।’

এচেভেরি অবশ্যই গার্দিওলার জন্য একটি উত্থান হতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে রিভারের হয়ে চারটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি। যদিও মৌসুমটা আর্জেন্টাইন জায়ান্টদের বেশ কঠিন ছিল। সেখান থেকে লিগ টেবিলে পঞ্চম স্থান থাকায় বড় ভূমিকা পালন করেছেন এচেভেরি। তারপরও ধারনা করা হচ্ছে সিটিতে এনেই তাকে বড় দায়িত্ব কাধে চাপিয়ে দেবে না। তারপরও কেউ কেউ মনে করেন ম্যানসিটিতে নিজের শক্ত অবস্থান নিতে বেশি সময় লাগবে না এচেভেরির। আর্জেন্টািইন এই তরুণকে ইতোমধ্যেই তুলনা করা হয় লিওনেল মেসির সঙ্গে। খেলার ধরণ মেসির মতোই। জানুয়ারির প্রথম সপ্তাহেই ১৯ বছরে পা দেবেন এচেভেরি। নতুন বছরে এবার নতুন সম্ভাবনার সামনে ম্যানসিটির এই ‘পরিবর্তী মেসি’।