প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৭ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম
ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসে নতুন ক্রিকেটার। দেশের বয়সভিত্তিক দলও ক্রিকেটার তৈরির প্লাটফর্ম। তবে কুড়ি কুড়ির ফরম্যাটে এক দশকে বিপিএল সরবরাহ করতে পারেনি পর্যাপ্ত ক্রিকেটার। যে কারণে এনসিএল টি-টোয়েন্টি নামে নয়া একটি টুর্নামেন্ট শেষ করল বিসিবি। যে আসরে দ্যুতি ছড়িয়েছেন অনেক ক্রিকেটার। ফাইনাল শেষে বিসিবির চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নুর কাছে উড়ে যায় প্রশ্ন, কোন ক্রিকেটার নজর কেড়েছে বিসিবির?
উত্তরে বিসিবির সাবেক প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) গত চার বছরে যুক্ত থাকা অনেক খেলোয়াড়কে নাড়াচাড়া করেছি এখানে। সেসমস্ত খেলোয়াড়রা নজরে আসে। এখন পাইপলাইনে সেসমস্ত চিন্তা করে আগামী চার-পাঁচ বছরের জন্য খেলোয়াড়রা রয়েছে। তারাই ভবিষ্যতে জাতীয় দলের জন্য তৈরি হবে।’
এনসিএল টি-টোয়েন্টির অভিষেক আসরে বল হাতে সবাইকে অবাক করেছেন মুকিদুল মুগ্ধ। তার সম্পর্কে নান্নু বলেন, ‘ভবিষ্যত চিন্তা করেই হাই পারফরম্যান্সে চার বছর আগে নেওয়া হয়েছিল (মুগ্ধকে)। সেভাবেই যাচ্ছে। তো আশা করছি খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ হয়েছে। এই সংস্করণে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে। আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফর্মার দেখা যাবে।’
সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করবে এনসিএল টি-টোয়েন্টি। এ নিয়ে নান্নু বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।’