এনসিএল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৪:১১ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২১ পিএম
মেট্রোর ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন রংপুরের বোলাররা— ছবি: আ. ই. আলীম
টপ, মিডল কিংবা লোয়ার মিডলঅর্ডার— রংপুরের বোলারদের সামনে পাত্তা পায়নি ঢাকা মেট্রোর কেউই৷ আল আরাফাহ্ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট টি-টোয়েন্টিতে নাইম শেখরা লড়াকু সংগ্রহও পায়নি৷ কুড়ি কুড়ির ফরম্যাটে বসা আসরের ফাইনালে পঞ্চাশ ছাড়িয়ে বেশিদূর যেতে পারেনি দাপুটে থাকা মেট্রো। শিরোপা জিততে আকবর আলীদের রংপুরের প্রয়োজন মোটে ৬৩ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর তোপের মুখে পড়ে মেট্রো। দুজনেই নেন তিনটি করে উইকেট। বাকি তিন বোলারও সফল হন একবার করে। তাতেই ধুঁকে ধুঁকে পঞ্চাশ পেরোনো মেট্রো সব উইকেট হারিয়ে ৬২ রান পর্যন্ত যেতে পারে।
মঙ্গলবার মেট্রোর হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেন শামসুর রহমান শুভ (১৪)। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রানের ইনিংস খেলেন টেলএন্ডার ব্যাটার আবু হায়দার রনি। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক মেট্রোর ওপেনাররা এদিন ব্যর্থ হন৷ দাড়াতে পারেনি মিডল অর্ডারের কেউও। অধিনায়ক নাইম শেখ ফিরেছেন শূন্য রানেই৷
বোলিংয়ে কাজ এগিয়ে রাখা আকবরদের এবার শিরোপা উদযাপনের অপেক্ষা। ১২০ বলে তাদের প্রয়োজন অর্ধেকেরও কম রান। আলিস আল ইসলাম, রনি কিংবা রকিবুলদের বাধা পেরোতে পারলেই শিরোপার আনন্দে হাসবে রংপুর।