× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমকালো আয়োজনে উদ্বোধন

বিপিএলে নতুনত্বের আশা ক্রীড়া উপদেষ্টার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৮ এএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:২৬ এএম

বিপিএলে নতুনত্বের আশা ক্রীড়া উপদেষ্টার

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। টুর্নামেন্ট শুরু হতে সপ্তাহখানিক বাকি থাকলেও এরইমধ্যে দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। টুর্নামেন্টকে আরও জাঁকজমকপূর্ণ করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ধারাবাহিকতায় ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট, থিম সং, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো মিউজিক ফেস্ট আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বিপিএলের একাদশ আসরের। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি টুর্নামেন্টের নতুন আসরে নতুন কিছুর আশাবাদ ব্যক্ত করেন।

এদিন বিকেল ৪টার কিছুক্ষণ আগে শুরু হওয়া ফেস্টে প্রথমে গান পরিবেশন করে ‘এভয়েড রাফা’ ব্যান্ড। এরপর মূল অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনের ঘোষনায় নতুন বাংলাদেশের মতোই বিপিএলেও নতুনত্ব আসবে এমনটাই আশা প্রকাশ করেন বিপিএল মিউজিক ফেস্টে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজের সংক্ষিপ্ত বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই৷ আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা (ড. মুহাম্মদ ইউনূস) নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

এর আগে স্বাগত বক্তব্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাঠের খেলায় ভালো কিছু দেখার আশা ব্যক্ত করেন, ‘এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’

এরপর একে একে গান পরিবেশন করেন সঞ্জয়, জেফার, মুজা ও মাইলস। অনুষ্ঠানের মূল আকর্ষণ পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান তার ছেলে শাজমান খানকে নিয়ে মঞ্চে উঠেন রাত সাড়ে ৮টার পর। টুংটাং শব্দ অতঃপর আতশবাজির জমকালো প্রদর্শনীতে সুরের জাদুকরকে বরণ করে নেওয়া হয়। মঞ্চে উঠেই বাংলাদেশের মানুষদের প্রতি তার ভালোবাসার কথা জানান। সানাইয়ের সুরে প্রথমে কিছুক্ষণ মুগ্ধতা ছড়ালেন তিনি। এরপর মূল পরিবেশনা। পাকিস্তানের জনপ্রিয় এ সংগীতশিল্পী এক ঘণ্টারও বেশি সময় গান পরিবেশনের মধ্য দিয়ে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷ 


আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

এবারের টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা