প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকি টুর্নামেন্টের মধ্য দিয়ে সাত মাস বিরতির পর মাঠে ফিরলো হকি। উদ্বোধনী ম্যাচে সোমবার বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। খেলায় পাঁচ গোল করেছেন মো. আশরাফুল ইসলাম। স্কুপ, প্লেসিংয়ের সম্বন্বয়ে নীল টার্ফে এদিন আগুনের ফুলকি ছোটান তিনি। বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ফজলে হোসেন রাব্বি ও মাহবুব হোসেন।

এটি ছিল মূলত অভিজ্ঞতা বনাম শিক্ষার্থীদের মধ্যকার একটি ম্যাচ। কারণ বিকেএসপির ৯ জন খেলোয়াড়ই বিকেএসপির শিক্ষার্থী। তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপি তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। তানভীর রহমান সিয়াম ১৭ মিনিটে এবং হুজাইফা হুসাইন ২৪ মিনিটে পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ৩-২-এ নিয়ে আসেন। তবে শেষ পর্বন্ত ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন একই ছিল।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টর উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়জুল হাসান। এনএসসির সচিব আমিনুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।