প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম
সূর্যর এতদিনের রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার— সংগৃহীত ছবি
রেকর্ড সব সময় সুখের হয় না। বিষয়টি হয়ত হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন আবদুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকাকে যখন হোয়াইটওয়াশের আনন্দে মেতেছে, তখন আক্ষেপে পুড়ছেন পাকিস্তানের তারকা ওপেনার। প্রোটিয়াদের মাটিতে পঞ্চাশ ওভারের তিন ম্যাচের কোনোটিতেই রান করতে পারেননি শফিক। সবকটি ইনিংসে ডাক মেরেই গড়েছেন লজ্জার সেই রেকর্ড।
তো রেকর্ড কি! দ্বিপক্ষীয় কোনো সিরিজে সর্বোচ্চবার শূন্য রানে আউট হয়েছেন শফিক। অবশ্য তিনি একাই নেই। ভারতের সূর্যকুমার যাদবও একই লজ্জার সঙ্গী। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সেটিই তিন ম্যাচের সিরিজে সব ম্যাচে ডাক মারার বিশ্বরেকর্ড। সূর্যর কষ্ট কমাতেই যেন তোড়জোড় ছিল শফিকের।
শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন ১৩ জন ব্যাটার। তবে শফিক কিংবা সূর্যকুমার তিন ম্যাচের সিরিজের সব ম্যাচেই ফিরেছেন শূন্যরানে। এমন কীর্তি একটু বেশিই লজ্জাজনক বটে। এমনকি পাকিস্তানের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডও শফিকের।
চলতি বছর ২১টি ইনিংসের মধ্যে সাতটিতে শূন্য রানে আউট হয়েছেন শফিক। এর আগে ২০০০ সালে ইমরান নাজির ৩২টি ইনিংসে ছয়বার ও ২০১২ সালে মোহম্মদ হাফিজ ৪৩টি ইনিংসে সমান সংখ্যক শূন্য রানে আউট হয়েছিল। সেই রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার।