প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩ পিএম
আসরে ভারতের বিপক্ষে লড়ার পর মিরাজ-শান্তরা লড়বে পাকিস্তানের বিপক্ষে— সংগৃহীত ছবি
দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। বাকি ছিল সূচি ঘোষণা। কারা হতে যাচ্ছে নিরপেক্ষ সহ-আয়োজক তা নিয়েও ছিল জল্পনা। অবশেষে সব কেটে গেছে। পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ। বাকি অংশ পাকিস্তানে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। শান্ত-মিরাজদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে। যদিও এর একদিন আগেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটিও হবে দুবাইতে আগামী ২৩ ফেব্রুয়ারি। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অংশ নিচ্ছে ৮টি দল। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে করাচিতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান তাদের তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।