প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৩১ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৪ এএম
ট্রফি নিয়ে মশগুল চার দলের চার অধিনায়ক
নারী বিসিএলের প্রথম দিন ৮০ ঊর্ধ্ব স্কোর গড়েছিলেন তিন ব্যাটার। শারমিন আক্তার সুপ্তা (৮৮) ও ফারজানা হক (৮৬) বিদায় নেন ক্রিজ থেকে। তবে আয়েশা রহমান অপরাজিত ছিলেন ৮২ রানের দাপুটে এক ইনিংস উপহার দিয়ে। সেঞ্চুরির আভাস দিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণাঞ্চল ব্যাটার আয়েশা ৬ রানের আক্ষেপ সঙ্গী করে নিয়েছেন বিদায়। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে তিনি নিজের উইকেট হারান ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে।
আয়েশা শতক মিসের আক্ষেপ নিয়ে ফিরলেও রুবাইয়াত হায়দার (৮২) ও অধিনায়ক রাবেয়া খান (৭০) চমৎকার দুটি ইনিংস খেলেন। তাতে অলআউট হওয়া দক্ষিণাঞ্চল পেয়েছে ৩৪৭ রানের পুঁজি। সুবাদে ১৫৪ রানের লিড পেয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬ রান তুলে দিন শেষ করে পূর্বাঞ্চল এখনো পিছিয়ে রয়েছে ১২৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে ২৯ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংসে ঘোষণা করেছে উত্তরাঞ্চল। দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত রয়ে গেছে নিগার সুলতানা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক ১৯২ বলের চমৎকার ইনিংস সাজান ১০ বাউন্ডারিতে।
মুরশিদা খাতুন (৬৬) ও ফারজানা আক্তার (৬০) ১২৪ রানের ওপেনিং জুটি গড়ে দেন। তারপরই দুর্দান্ত ইনিংসটা খেলেন নিগার। মধ্যাঞ্চলের ৫টি উইকেটই গেছে উত্তরাঞ্চলের অফ স্পিনার জান্নাতুল ফেরদৌসের পকেটে।