এনসিএল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:২০ পিএম
খুলনার ইনিংসের শুরুতেই ধস নামান বাহাতি স্পিনার রাকিবুল ইসলাম; ছবি: আ. ই. আলীম
দলের বিপর্যয়ে ব্যাট হাতে অনেকটা একাই লড়লেন নাঈম শেখ। ফিফটি হাঁকালেও ভালো পুজি এনে দিতে পারলেন না তিনি। কিন্তু বোলারদের দাপটে ঠিকই পরে জয় পেয়েছে ঢাকা মেট্রো৷ লো স্কোরিং ম্যাচে খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো।
রবিবার (২২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে ঢাকা মেট্রো। পরে ওই রান তাড়ায় নেমে স্রেফ ৮১ রানে অলআউট হয়ে গেছে খুলনা। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবে নাঈম শেখের দল।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেট্রো। দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারালেও ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। একের পর এক উইকেট হারালেও একপ্রান্ত আগলে দলকে টানতে থাকেন নাঈম শেখ। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন বাঁহাতি এই ওপেনার।
এর বাইরে ওপেনার ইমরানুজ্জামান ১০ বলে ১৪ ও ১৯ বলে ১৬ রান করেন শহিদুল ইসলাম। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। খুলনার হয়ে তিন উইকেট করে নেন শেখ পারভেজ হোসেন জীবন, মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা।
রান তাড়ায় নামা খুলনার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে। ১৮ বলে ২২ রান করেন তিনি। ২৫ বলে ১৬ রান আসে মাসুম খানের ব্যাটে। মেট্টোর হয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ২ ওভার ৪ বলে ১৩ রানে তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন।