অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ফাইনাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ২০:১১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম
একে তো ফাইনাল, তার উপর সুপার ফোরে আসা সেই হারের শোধ নেওয়ার পালা— কোনোটিতেই ভারতকে ছাড় দিতে চান না সুমাইয়া আকতার ব্রিগেড— ছবি: বিসিবি
ছয় দলের অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ঠেকেছে দুই দলে। শিরোপা ঘরে তুলতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চলতি আসরে যাদের বিপক্ষে আছে টাইগ্রেস যুবাদের একমাত্র হার। একে তো ফাইনাল, তার উপর সুপার ফোরে আসা সেই হারের শোধ নেওয়ার পালা— কোনোটিতেই ছাড় দিতে চান না সুমাইয়া আকতার ব্রিগেড। আগামীকাল সকাল সাড়ে সাতটায় ম্যাচে জয় তুলে দুটো লক্ষ্যেই সফল হতে চায় বাংলাদেশ।
শিরোপা ফয়সালার ম্যাচটি বসবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউমাস ওভালে। সরাসরি খেলা দেখাবে সনি স্পোর্টস টেন-৫ এবং সনি স্পোর্টস টেন-৫ এইচডি চ্যানেল। এশিয়া কাপে এবারের আসরে আগের দেখায় ভারতের মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া জানিয়েছেন প্রত্যয়ের কথা। নিজেদের ঘাটতি কাটিয়ে দেশে ফিরতে চান শিরোপা নিয়েই।
আসরে ‘বি’ গ্রুপে শ্রীলংকার বিপক্ষে দারুণ এক জয়ে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় টাইগ্রেসরা। সুপার ফোরে আসে শীর্ষে থেকে। তবে সেখানেই প্রথম ধাক্কা। ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় সুমাইয়ারা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে কোনো প্রকার সুযোগই দেয়নি। ফাইনালে উঠতে ৯ উইকেটে নেপালি মেয়েদের হারায় বাংলাদেশ। এবার শিরোপার মঞ্চে আরেকবার মুখোমুখি ভারতের বিপক্ষে।
ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যই জানিয়েছেন দলের অধিনায়ক সুমাইয়া আকতার, ‘প্রথম আসরের ফাইনালে উঠে আমরা অনেক বেশি আনন্দিত। এটি আমাদের বড় একটি অর্জন। নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল। আমরা সবাই চেষ্টা করবো সর্বোচ্চটা দেবার।’ প্রতিপক্ষ ভারতকে সমীহ করলেও তাদের হারানোর সব কৌশল কষে নিয়েছেন টাইগ্রেসরা। চ্যালেঞ্জিং হলেও সুমাইয়ারা শিরোপার লড়াইয়ে আশাবাদী, ‘আমরা চেষ্টা করছি আমাদের সেরাটা দেওয়ার। ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা সহজভাবে নিচ্ছি। রেজাল্ট দিন শেষে হবে। আমরা আশাবাদী, ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’
আসরে শতভাগ সাফল্যে চিড় ধরিয়েছে ভারত। সুপার ফোরের সেই ম্যাচে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। ফাইনালে তাদের বিপক্ষে মধুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল। কাজটা মোটেও সহজ হবে না। তাই এই ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। বোলারদেরও থাকতে হবে আপ টু দ্য মার্ক। শিরোপার মঞ্চে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগ বাংলাদেশ দলের। শেষের লড়াইয়ে প্রস্তুতিতে নিজেদেরও সেভাবেই প্রস্তুত করেছে বাংলাদেশ। মালয়েশিয়ায় এশিয়ার সেরা হতে সর্বোচ্চটাই তুলে রেখেছেন সুমাইয়ারা, ‘আমাদের ব্যাটিং লাইন-আপে অনেক ভালো খেলোয়াড় আছে। তারা সবসময় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কিছু সময় হয় আবার কিছু সময় হয় না। ফাইনালে চেষ্টা করবো আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করার। চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেওয়ার।’
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সাপোর্টারদের কথা স্মরণ করেছেন সুমাইয়া। নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের উৎসাহে এশিয়ার সেরা হতে চান সুমাইয়ারা, ‘মালেয়শিয়ায় বসবাসরত বাংলাদেশি সাপোর্টাররা আমাদের অনেক বেশি উৎসাহিত করছে ও অনুপ্রেরণা দিচ্ছে। আমরা চাইবো ফাইনালে ভালো কিছু উপহার দিতে। আমাদের দল ও কোচিং স্টাফরা যেভাবে সহায়তা করছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জিতলেও নেপালের সাথে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে ভারত। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে তারা। সুপার ফোরে শ্রীলংকা ও বাংলাদেশের বিপক্ষে জিতে ফাইনালে উঠে।
গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এবার নারীদের পালা এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে শিরোপা জয়ে আনন্দকে দ্বিগুন করার। দুই সপ্তাহের ব্যবধানে আরও একটি বাংলাদেশ-ভারত ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ছেলেদের পর এবার মেয়েদের সামনে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরার সুযোগ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সুমাইয়া আকতার (অধিনায়ক), মোছাম্মৎ ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম, জুয়াইরিয়া ফেরদৌস/ ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি/ জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার/ মাহারুন নেসা।