× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফর্টিসকে রুখে দিল ওয়ান্ডারার্স, প্রথম জয় ইয়াংমেন্সের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:১২ পিএম

ফর্টিসকে রুখে দিল ওয়ান্ডারার্স, প্রথম জয় ইয়াংমেন্সের

গত সপ্তাহেই ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে দেয় ফর্টিস এফসি। কিংস অ্যারেনায় মোহামেডানের পর দ্বিতীয় দল হিসেবে কিংসকে হারায় ‍ফর্টিস। ঐতিহাসিক জয়ের রশদ নিয়েই শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামে দলটি। কিন্তু উড়তে থাকা ফর্টিসকে টেনে মাটিতে নামিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ঢাকা ওয়ান্ডারার্স। খেলার ৩৭ মিনিটে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন সাকিব বেপারি। ওই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পুরান ঢাকার ক্লাবটি। দ্বিতীয়ার্ধে অবশ্য শুরুতেই ফর্টিসকে খেলায় ফেরান ভ্যালেরি গ্রিসিন। বক্সের কয়েক গজ সামনে ফ্রি কিক থেকে বা পায়ের শটে সরাসরি জাল খুজে নেন দলটির ইউক্রেনের স্ট্রাইকার। ১-১ সমতায় ফেরার পর অবশ্য চেষ্টা করেও আর কোনো দল এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। 

দীর্ঘ বিরতির পর এবারের মৌসুমে লিগে উঠে আসে ওয়ান্ডারার্স। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে পয়েন্টের দেখা পেল শাহাদাত হোসেনের দল। লিগে অবশ্য প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি ফর্টিসও। তবে তৃতীয় ম্যাচে তারা ৩-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। লিগে সেই জয়ের ধারা অবশ্য ধরে রাখতে পারেনি ক্লাবটি। ফকিরেরপুল অবশ্য দিনের অপর খেলায় পেয়েছে লিগের প্রথম জয়। আগের তিন ম্যাচে হেরে কোনঠাসা হয়ে পড়েছিল দলটি। তবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পেয়েছে কাঙ্ক্ষিত জয়ের দেখা। ২-০ গোলে তারা হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এ নিয়ে টানা চার ম্যাচেই হারল বন্দর নগরীর ক্লাবটি। 

শনিবারের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ ছিল বোধকরি ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের মধ্যকার খেলাটি। সর্বশেষ মৌসুমে দুই দলই শেষ করেছিল পয়েন্ট টেবিলের তলানীতে থেকে। তবে নতুন মৌসুমে দারুণ উদ্দমী ক্লাব দুটি। আবাহনীর বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে রহমতগঞ্জ। ব্রাদার্সেও ফিরেছে পুরোনো ঐতিহ্যের ছাপ। শনিবারের আগে তিন রাউন্ডের পর দুই দলই টেক্কা দিয়েছে দেশের বড় কয়েকটি ক্লাবটি। অন্তত পয়েন্ট টেবিলের সেরা পাঁচের মধ্যে থাকা সেটিই প্রমাণ করে।

কাগজে কলমে ও শক্তি-সামর্থে প্রায় কাছাকাছি মানের দুই দলের লড়াই দেখার অপেক্ষা ছিল সমর্থকদের। তবে এদিন এগিয়ে গেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। তারা ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রাদার্সকে। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ঢাকা আবাহনী ও কিংসের মতো দলকে টপকে সেরা দুইয়ে উঠে এল রহমতগঞ্জ। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। চার খেলায় সমান ৯ পটয়েন্ট নিয়ে তিনে আবাহনী। শতভাগ জয়ের সুবাদে ১২ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের কাছে হেরে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে গোপীবাগের ক্লাব ব্রাদার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ ও ছয়ে কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। ৫ পয়েন্ট পাওয়া ফর্টিসের অবস্থান সাতে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা