এনসিএল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম
বোলারদের কল্যাণে ফাইনালে রংপুর বিভাগ; ছবি: আ. ই. আলীম
আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গ্রুপ পর্বে টানা সাত ম্যাচ জিতেছিল ঢাকা মেট্রো। কিন্তু নকআউট পর্বে এসেই ছন্দ হারিয়ে বসল তারা। আসরের প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর বিভাগ। এই ম্যাচে হারলেও অবশ্য আরেকটি সুযোগ পাচ্ছে মেট্রো, আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে মাঠে নামবে নাঈম শেখের দল।
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রানে থামে তারা৷ লক্ষ্য ছোট থাকার কারণে এই বিপদ উতরে যেতে সমস্যা হয়নি রংপুরের। শেষ ওভারের প্রথম বলে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করে রংপুর।
সহজ লক্ষ্যে নেমে শুরুটা ভালো করলেও মুহূর্তের মধ্যেই বিপদে পড়েছিল রংপুরও। বিনা উইকেটে ৩০ রান করা দলটি ৪৫ রানে তিন উইকেট হারায়। ওপেনিংয়ে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন দুজনেই ১৭ রান করেন। অধিনায়ক আকবর আলী ৭ রান করে সাজঘরে ফেরেন। তবে তানবীর হায়দার ২২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। আরিফুল হকও সমান সংখ্যক রান করেন। এই দুটি ইনিংসই দলকে ফাইনালের টিকিট এনে দেন।
এর আগে মেট্রোর ইনিংসের সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার ইমরানুজ্জামানের ব্যাট থেকে। দলটি ১৫তম ওভারে ৬৬ রানে ছয় উইকেট হারায়। আবু হায়দার রনির ৮ বলে ২ ছয়ে ১৬ রানের ক্যামিও ইনিংসে একশ পার করে তারা। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বিপ্লব অপরাজিত ২৩ রানে অবদান রাখেন। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ৯ উইকেটে ১০৭ রানে থামে মেট্রো। রংপুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিউল হক। দুটি উইকেট পান আলাউদ্দিন বাবু। একটি করে নেন এনামুল হক আনাম ও আরিফ আহমেদ।