× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:২০ পিএম

২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার

হট ফেভারিট হয়েও কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই ছিটকে পড়ে ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচে দলকে লিড এনে দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু তার দল লিড ধরে রাখতে পারেনি। শেষ সময়ে গোল পরিশোধ করে ক্রোয়েশিয়া ম্যাচটা নিয়ে যায় পেনাল্টিতে। পরে ভাগ্য সহায় হয় ক্রোয়াটদের। আর বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতিহাসের অন্যতম সফল দলটি। সেই হতাশায় অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েন নেইমার। তাই এমন ইঙ্গিতও ছিল যে সেটিই হয়তো তার হবে তার শেষ বিশ্বকাপ। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে নেইমার জানালেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপও খেলতে চান তিনি।

ব্রাজিলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে। একের পর এক ইনজুরির কারণে মাঠের বাইরেই বেশি সময় কেটেছে বর্তমানে আল হিলালে খেলা এই তারকার। তবে জাতীয় দলে ফেরার জন্য বেশ ভালোভাবেই নিজেকে প্রস্তুত করছেন ৩২ বছর বয়সি ফরোয়ার্ড। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘অবশ্যই আমি ফিরব। আমি ফেরার প্রস্তুতি নিচ্ছি এবং এ নিয়ে রোমাঞ্চিত আমি। গত নভেম্বরে আমাকে (জাতীয় দলে) ডাকা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে কথা বলার পর কোচ সিদ্ধান্ত নিয়েছেন আমাকে না ডাকার। পরেরবার, আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। অবশ্যই বিশ্বকাপ খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি ইতোমধ্যেই তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছি। অবশ্যই চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই। আমাকে এজন্য বেশি মনযোগী থাকতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’ 

বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। নেই চিরচেনা ছন্দে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের পাঁচে আছে ব্রাজিল। তবে নেইমার দলটিকে নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানালেন, ‘আমরা আশা করি, এই দল উন্নতি করবে এবং সেই পথেই এগোচ্ছে। এটা ভুলে গেলে চলবে না যে, দলটি তরুণ এবং আমাদের সম্ভাবনা রয়েছে। যত দ্রুত সম্ভব সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, যাতে করে আমরা একটি দুর্দান্ত দল হয়ে উঠতে পারি।’

বিশ্বকাপ খেলার আগে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চান নেইমার। এসিএলের ইনজুরির এক বছর মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে হিলালের হয়ে খেলেন তিনি। কিন্তু দুটি ম্যাচ খেলেই মাংসপেশির ইনজুরির কারণে আবারও ছয় সপ্তাহের জন্য ছিটকে যেতে হয় তাকে। এ নিয়েও কথা বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘প্রথমত, আমি আল হিলালের হয়ে একটি ভালো মৌসুম কাটাতে চাই। খুবই গুরুতর এক চোট কাটিয়ে ফিরছি আমি। নিজের পুরোনো অবস্থা ফিরতে ও এখানে নিজেকে প্রমাণ করতে কিছুটা সময় লাগবে। ভালোভাবে সেরে ওঠা এবং শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও সহজাত খেলা শুরু করাকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। আল হিলালের হয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই, কারণ ক্লাবের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা