প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১১:৫০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১২:২৫ পিএম
ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন তিনি। ১৯ বছর বয়সি এই ব্যাটার এবার সুযোগ পেয়ে গেলেন জাতীয় দলেও।
কনস্টাস চলতি বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। ঘরোয়া শেফিল্ড শিল্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর নাম লিখিয়েছেন। এমনকি ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার।
ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই ওপেনিং পজিশন নিয়ে ধুকছে অস্ট্রেলিয়া৷ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর। কিন্তু তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে।
এছাড়া ম্যাকসুয়েনি প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেনিং করেননি। এমনটা জেনেই অস্ট্রেলিয়া তাকে দলে নিয়েছিল। টেস্টে ওপেনিং করতে নেমে রীতিমতো দুর্বিসহ অভিজ্ঞতা হয়েছে ম্যাকসুয়েনির। ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান। আউট হওয়া পাঁচ ইনিংসের মধ্যে চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহকে। তাই কনস্টাসের অভিষেক হওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।