রাজশাহীতে ট্রফি উন্মোচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ০৪:০৬ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১১:০১ এএম
ট্রফি উন্মোচন করেন নারী বিসিএলের চার দলের চার অধিনায়ক রাবেয়া খাতুন, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুন। ছবি : বিসিবি
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এ কারণে এতদিন টেস্টও খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। অবশেষে ঘুচে যাচ্ছে সে আক্ষেপ। আজ প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আসরে তিন দিনের ম্যাচ খেলবেন বাঘিনীরা।
তার আগে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চার দলের চার অধিনায়ক নিয়ে হয়েছে ট্রফি উন্মোচন। শুক্রবার রাজশাহীতে ট্রফি উন্মোচন করেন মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও রাবেয়া খাতুন।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শনিবার সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আকতার জামিল। থাকবেন জাতীয় নারী ক্রিকেট দলের উইং ও টাইগারদের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
উদ্বোধনী দিনে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দক্ষিণাঞ্চল খেলবে পূর্বাঞ্চলের বিপক্ষে। একই দিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের লড়াই উত্তরাঞ্চলের বিপক্ষে। ২৬ ডিসেম্বর দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের মুখোমুখি হবে। এ ম্যাচের ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল একই দিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে একে অন্যকে মোকাবিলা করবে।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন দেশের নারীরা। এর মাঝেই চলবে এ টুর্নামেন্ট। আপাতত দুই রাউন্ডের সূচি জানিয়েছে বিসিবি।