প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২০:২১ পিএম
পল পগবা
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবাকে অপহরণ ও চাঁদাবাজির দায়ে তারই ভাই মাথিয়াস পগবাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালাত। গত বৃহস্পতিবার প্যারিসের অপরাধ আদালত মাথিয়াসকে মামলায় দোষী সাব্যস্ত করে এ রায় দেন। দুই বছর ধরে জেলে থাকায় মাত্র এক বছর গৃহবন্দি ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশি নজরদারিতে থাকতে হবে তাকে।
২০২২ সালের মার্চে বন্দুকের মুখে পগবাকে তুলে নেয় কয়েক
ব্যক্তি। এরপর তার কাছে ১৩ মিলিয়ন ইউরো দাবি করে তারা। পরবর্তীকালে জানা যায়, পগবার
ভাই মাথিয়াস ও তারই শৈশবের বন্ধুরা মিলে এই অপহরণ কাণ্ড ঘটানো হয়। এরপর তিনি তাদের
১ লাখ ইউরো দিলেও তারা আরও টাকার জন্য তাকে চাপ দিতে থাকে। এমনকি ভাইয়ের ব্যক্তিগত
তথ্য ফাঁস করে দেবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে হুমকিও দেন মাথিয়াস। শেষ
পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ফরাসি মিডফিল্ডার।
এ ঘটনায় মাথিয়াস ছাড়া আরও পাঁচজনের নামে মামলা হয়। দুই
বছর পর ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের মধ্যে থেকে রুশদেন নামের একজনকে প্রধান
ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য চার অভিযুক্তকেও
চার থেকে আট বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।