× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজার কারণে বাংলাদেশি ফুটবলাররা বিদেশি লিগে সুযোগ পাবে: তাবিথ আউয়াল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

হামজার কারণে বাংলাদেশি ফুটবলাররা বিদেশি লিগে সুযোগ পাবে: তাবিথ আউয়াল

অনেক প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার এই প্রথম লাল-সবুজের জার্সিতে খেলবেন, এটা ভেবেই রোমাঞ্চিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও আশাবাদী তাকে নিয়ে। বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন, তবে কবে নাগাদ লাল-সবুজ জার্সিতে হামজাকে দেখা যাবে তা এখনো নিশ্চিত নয়। তবে বাফুফে সভাপতি মনে করেন হামজার কারণে এবার বিদেশী লিগে আরও বাংলাদেশী খেলোয়াড় সুযোগ পাবেন।

শুক্রবার আশার বাণীই শোনালেন তাবিথ আউয়াল। গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। স্বভাবতই সেখানে উঠে আসে হামজা প্রসঙ্গ। দেশি ফুটবলারদের মধ্যে সর্বশেষ বিদেশি লিগে খেলেছেন জামাল ভূঁইয়া। ২০২৩ সালে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলেন তিনি। আর বর্তমানে লেস্টার সিটিতে খেলছেন হামজা। বাফুফে সভাপতি বলেন, ‘অনেক ভালো ভালো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিদেশে খেলছে কিংবা বড় হচ্ছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। আশা করি আগামী দিনগুলোতে আমরা আরও কিছু প্রবাসী বাংলাদেশিকে চিহ্নিত করে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুপ্রেরণা দিতে পারব। আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেন শক্তিশালী দল গড়তে পারি এমনটাই চাইছে সকালে। ভালো খেলার পরিবেশ তৈরি করতে পারি। হামজার মতো বড় মাপের খেলোয়াড় যখন আসে তখন দেশি খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগ তৈরি হতে পারে। হামজাকে আমরা আলাদা হিসেবে দেখতে চাচ্ছি না। হামজাকে আমরা দেখতে চাই বাংলাদেশের একটা সুযোগ হিসেবে। দেশের খেলোয়াড়রা বিদেশের ভালো ভালো লিগে খেলার সুযোগ পাবে।’

প্রবাসী ফুটবলারদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দেশের পরিবেশ। অতীতে অনেকেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি। তবে জামাল ভুঁইয়া ও তারিক কাজীরা শক্ত উদাহরণই তৈরি করেছেন। হামজাও সেই পথে হাঁটবেন বলে আশা করেন তাবিথের, ‘এক্ষেত্রে আপনাদের দেখতে হবে অতীতে কী হয়েছিল। এর আগে জামাল ভূঁইয়া এসেছিল, তারেক কাজী এসেছিল। এরকম যখন অন্য দেশের অন্য লিগের খেলোয়াড় এসেছিল তাদের সঙ্গে আমরা ধাপে ধাপে মানিয়ে নিয়েছি।বাংলাদেশের খেলার সঙ্গে হামজার খেলা কেমন হবে তা পরে নির্ধারণ করা যাবে। জাতীয় দল কমিটি গঠন হলে তাদের এটা নিয়ে ভাবতে হবে। সবচেয়ে বড় বিষয় জাতীয় দলের যিনি কোচ হবেন তিনি হামজার সঙ্গে দল কতটা মানিয়ে নিতে পারে সেদিকে খেয়াল রাখবেন।’

এদিকে, জাতীয় দলের বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। স্প্যানিশ কোচের মেয়াদ বাড়ানো হবে কি না সে ব্যাপারে অবশ্য ধোঁয়াশা রয়েছে। বাফুফে সভাপতি এবারও সেই ধোঁয়াশার মধ্যেই রাখলেন, ‘বর্তমান কোচের সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। আগামী বছরের পরিকল্পনা অনুযায়ী নতুন কোচ নিয়োগের বিষয়টি জানানো হবে। তবে এখনই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা