টি-টোয়েন্টি সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৮ এএম
রেকর্ডের মিশনে নেমে উল্টো ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা ওয়েস্ট ইন্ডিজের। ১৯০ রানের টার্গেট টপকানো তো দূরে বরং শুরুতে পথে হারিয়ে দিগবিদিক ছুটছে স্বাগতিক ব্যাটাররা। ইতোমধ্যে দলীয় ৫০ এর আগে ৫ উইকেট খুইয়েছে তারা।
শুক্রবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে গ্রাউন্ডে জবাব দিতে নামা ক্যারিবিয়ানদের প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের দ্বিতীয় ওভারে ব্রান্ডন কিংকে ফেরান তিনি। আর দ্বিতীয় ওভারে মেহেদীর তৃতীয় বলে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচের শিকার গ্রিভস। তবে তৃতীয় উইকেটে ২৪ বলে ৩৮ রানের বিপজ্জনক জুটি গড়েছিলেন পুরান ও চার্লস। ৫.৩ ওভারে মেহেদীকে টেনে মারতে গিয়ে বোল্ড হন পুরান।
পুরান আউটের পর দলীয় ১০ রানের মধ্যে রোস্টন চেজ ও জনসন চার্লস ফেরেন। এর মধ্যে শেষ দুটি উইকেট পড়েছে তিন বলের মধ্যে! পেসার হাসানের করা সপ্তম ওভারের পঞ্চম বলে মিড উইকেট থেকে রিশাদের সরাসরি থ্রোয়ে রান আউট জনসন চার্লস। আর চেজ ফিরেন তালুবন্দি হয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫১/৫। রোভম্যান পাওয়েলের (২) সঙ্গে ক্রিজে আছেন রোমারিও শেফার্ড (১)।