এনসিএল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:২২ পিএম
ঢাকা মেট্রোর ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাচসেরা শামসুর রহমান শুভ; ছবি: আ. ই. আলীম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে আগেই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ দিনে প্লে-অফ পর্বে ওঠার সুযোগ ছিল পাঁচ দলেরÑ চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগ। তবে শেষ পর্যন্ত নানা সমীকরণ মিলিয়ে প্লে-অফে পৌঁছতে পেরেছে খুলনা ও চট্টগ্রাম। শেষ চারে পৌঁছার পথে খুলনা হারিয়েছে রংপুরকে। টানা সাত জয় পাওয়া মেট্রোর বিপক্ষে হেরেও রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। আগেই বিদায় নিশ্চিত হওয়া রাজশাহী বিভাগের কাছে হেরে বিদায় নিয়েছে সিলেট। আর ঢাকার কাছে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আসর শেষ করেছে বরিশাল। শনিবার সকাল সাড়ে ৯টায় এলিমেনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। একই দিন দুপুর দেড়টায় প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে রংপুর।
হেরেও প্লে-অফে চট্টগ্রাম
সিলেটে আউটার মাঠে চট্টগ্রামকে ১৭ রানে হারিয়ে লিগপর্বে সাত ম্যাচের সবকটি জিতেছে শীর্ষে থাকা ঢাকা মেট্রো। আর এই ম্যাচ হেরেও তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে নিট রানরেটে (০.২২০) এগিয়ে থাকায় শেষ চারে উঠেছে চট্টগ্রামও। টস হেরে আগে ব্যাট করে মেট্রো শামসুর রহমান (৫৬) ও মার্শাল আইয়ুবের (৫১) জোড়া ফিফটিতে ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৮ রান। জবাবে ইয়াসির আলী রাব্বি (৪৬) আর সাদিকুর রহমান (৪৪) ছাড়া সেভাবে লড়াই করতে না পারায় ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংস। ঢাকার হয়ে আমিনুল, রকিবুল ও আরাফাত সানি দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন শামসুর রহমান।
জিতেও আক্ষেপ ঢাকার
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে ১৯ রানে হারিয়েও শেষ চারে ওঠা হয়নি ঢাকার। চট্টগ্রামের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে ঢাকার (-০.৫৫২) চেয়ে বেশ এগিয়ে ছিল চট্টগ্রাম (০.২২০)। টসে জিতে আগে ব্যাট করে সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা বিভাগ তুলেছিল ১৭৮ রান। ২১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সুমন খান। লক্ষ্য তাড়ায় বরিশাল ৬ উইকেটে ১৫৯ রান পর্যন্ত যেতে পারে অধিনায়ক সোহাগ গাজীর ২০ বলে ৩০ ও কামরুল ইসলামের ২৩ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে। ব্যাটিংয়ের পর বল হাতে দুই উইকেট শিকার করে ম্যাচসেরা হন সুমন।
রংপুরকে হারিয়ে শেষ চারে খুলনা
নানা সমীকরণ মিলিয়ে চট্টগ্রাম শেষ চারে উঠলেও খুলনার এসবের মধ্য দিয়ে যেতে হয়নি। সিলেটের একাডেমি মাঠে রংপুরকে ৩৪ রানে হারাতেই প্লে-অফ নিশ্চিত হয় তাদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৫ রান করা খুলনা রংপুরকে আটকে দেয় ১৬১ রানে। খুলনার হয়ে ফিফটি করেন আজিজুল হাকিম তামিম (৪১ বলে ৬৬) ও মোহাম্মদ মিঠুন (৪৯ বলে ৭১)। শেষদিকে ১৯ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমরুল কায়েস। জবাবে ১৪ ওভারে ১২৪ রান করা রংপুর রানতাড়ায় কক্ষপথেই ছিল। তবে ১৫তম ওভারে অধিনায়ক আকবর আলী ২৯ বলে ৫২ রান করে আউট হলে ম্যাচটি কার্যত সেখানেই শেষ হয়ে যায়। ম্যাচসেরা হয়েছেন মিঠুন।
রাজশাহীর জয়ে বিদায় সিলেটের
টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল রাজশাহীর। গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাদের জন্য নিয়মরক্ষার হলেও শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না সিলেটের। তবে নাজমুল হোসেন শান্তর অলরাউন্ড নৈপুণ্যে সিলেটকে বিদায় করে সান্ত্বনার জয় পেয়েছে রাজশাহী। টস হেরে শুরুতে ব্যাট করে শান্তর ৪৮ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮১ রান করে রাজশাহী। জবাবে জিশান আলমের (৬০) লড়াইয়ের পরেও ৮ উইকেটে ১৫৫ রানে থামে সিলেট। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন শান্ত। তবে ইনিংসে সেরা বোলার ছিলেন আসাদুজ্জামান পায়েল। ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।