প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩০ পিএম
ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন সেদিকউল্লাহ আতাল। তাকে দারুণ সঙ্গে দেওয়া আব্দুল মালিক সম্ভাবনা জাগালেও পারলেন না তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া নিতে। দুই ওপেনারের নৈপুণ্যে যে পুঁজি গড়ল আফগানিস্তান, সেটার ধারেকাছেও যেতে পারল না জিম্বাবুয়ে। তাদেরকে স্রেফ ৫৪ রানে গুটিয়ে রেকর্ড গড়া জয় তুলে নিল হাসমতউল্লাহ শহীদির দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হারারেতে দ্বিতীয়
ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রানের পুঁজি গড়ে আফগানিস্তান।
জবাবে স্বাগতিক জিম্বাবুয়ে ১৭.৫ ওভারে মাত্র ৫৪ রানে গুঁটিয়ে যাওয়ায় আফগানদের জয় ২৩২ রানে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই
প্রথম দুইশ রানের ব্যবধানে জিতল তারা। আগের রেকর্ড ছিল গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে ১৭৭ রানের জয়।
প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ
৪ ছক্কা ও ৮ চারে ১২৮ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। ১ ছক্কা ও ১১ চারে ১০১ বলে ৮৪ রান
করে থামেন মালিক। তাদের দুইজনের ১৯১ রানের উদ্বোধনী জুটির সুবাদে বড় সংগ্রহ পায় আফগানিস্তান।
বল হাতে নিউম্যান নিয়ামহুরি ৩ উইকেট নেন।
রান তাড়ায় আফগান বোলারদের সামনে দাঁড়াতেই
পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত থাকেন সিকান্দার
রাজা। শন উইলিয়ামসের ১৬ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আফগানদের
৪ বোলার ভাগ করে নেন প্রতিপক্ষের সব উইকেট। তিনটি করে শিকার ধরেন আল্লাহ্ মোহাম্মেদ
গাজানফার ও নাভিদ জাদরান। দুটি প্রাপ্তি ফজল হক ফারুকির, একটি আজমাতউল্লাহ ওমারজাইয়ের।
দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা হন সেদিকউল্লাহ আতাল।