প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
দেশের হয়ে অর্জনের প্রায় কোনো কিছুই বাকি নেই এমিলিয়ানো মার্তিনেজের। বিশ্বকাপ জিতেছেন, কোপা আমেরিকাতেও আর্জেন্টিনাকে সেরা বানিয়েছেন। হয়েছেন বিশ্বকাপের সেরা গোলকিপারও। জিতেছেন গোলকিপারদের ব্যালন ডি’অর এবং ফিফা ‘বেস্ট’ও। ৩২ বছর বয়সে এতকিছু জয় করে ফেলা এমি থামবেন কবে? মার্তিনেজ উত্তর দিয়েছেন।
মজার ছলেই ‘দিবু’ বলেছেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুইবার বিশ্বকাপ জিতেছে? যদি আমি দুইবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতি, তাহলে আমি অবসরে যাব। প্রতিজ্ঞা করছি। আপনাদের বলে দিচ্ছি। সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’
কাতারে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্তি ছিল পরশু। সেই উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএফ) একটি ভিডিও প্রকাশ করেছে। মার্তিনেজ সেখানেই পরে মজা করে বলেছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসা বিশ্বকাপেও তিনি খেলতে চান। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘আমার মাত্র ৩২ হয়েছে। বিশ্বকাপ আসতে আসতে ৩৩ হবে। খুবই তরুণ এক ছেলে আমি।’