প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:১৩ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:২৯ পিএম
ব্যালন ডি’অরের বড় দাবিদার ছিলেন। গুঞ্জন ছড়িয়েছিল- ব্রাজিলিয়ান তারকার হাতেই উঠবে পুরস্কারটি। কিন্তু শেষ মুহূর্তে পাশার দান যায় উল্টে। ভিনিসিয়ুস জুনিয়রের স্বপ্ন ভেঙে ব্যালন ডি’অর জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। তবে এবার আর আশাহত হতে হলো না রিয়াল মাদ্রিদ তারকা ভিনিকে। ব্যালন ডি’অর না পেলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ ঠিকই জিতে নিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সি তারকার আক্ষেপ ঘুচেছে কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে।
২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস। ১৯৯১ সালে ফিফার পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুসই।
ফিফার মঞ্চেও বর্ষসেরা কোচ আনচেলত্তি
মৌসুমজুড়ে একের পর এক চোটের হানা, একাদশ সাজাতে ভোগান্তি; মাঠের বাইরের এসব সমস্যা সামলে রিয়াল মাদ্রিদের দারুণ সব সাফল্য পাওয়ার পেছনের কারিগর ছিলেনে কোচ কার্লো আনচেলত্তি। তারই স্বীকৃতিস্বরূপ ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কার পেলেন ইতালিয়ান কোচ। ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আনচেলত্তিকে পুরস্কার তুলে দেন আরেক গ্রেট কোচ আর্সেন ওয়েঙ্গার।

২০২৩ সালের ২১ অগাস্ট থেকে ২০২৪ সালের ১০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন আনচেলত্তি। লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো কোচ লিওনেল স্কালোনি, স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো লুইস দে লা ফুয়েন্তে, বায়ার লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগার মুকুট পরানো জাবি আলোন্সো ও ম্যানচেস্টার সিটির ডাগআউটে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ী পেপ গুয়ার্দিওলাকে।
বর্ষসেরা একাদশে ইয়ামাল
পেশাদার ফুটবলে পা রাখার পর থেকে ছুটে চলেছেন স্পেনের লামিনে ইয়ামাল। সেই যাত্রায় এবার তার মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ এই উইঙ্গার। মঙ্গলবার রাতের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করা হয়। জাতীয় দল হিসেবে একাদশে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন স্পেনের খেলোয়াড়। ইয়ামাল ছাড়াও দলটির আছেন আরও দুজন-দানি কারভাহাল ও রদ্রি।
ফিফা বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)
ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ/স্পেন), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ/জার্মানি), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ/জার্মানি)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)