আঙুলে পাঁচ সেলাই নিয়ে শেষ টি-টোয়েন্টিতে দর্শক সৌম্য
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম
ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছেন সৌম্য, তাতে টাইগার ব্যাটারের বিপিএল খেলাও শঙ্কায় পড়েছে— সংগৃহীত ছবি
চোট পেয়ে সৌম্য সরকার যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন তখনই আভাস মিলেছিল, খারাপ কিছুই হতে যাচ্ছে। পরে জানা যায়, সৌম্যর আঙুলে সেলাই পড়েছে পাঁচটি। আঘাতের স্থান থেকে সরে গেছে হাড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি তো বটে, সৌম্য ছিটকে গেছেন তিন সপ্তাহের জন্য। পুরোপুরি সেরে উঠতে আরও বেশি সময় লাগতে পারে। তাতে শঙ্কায় পড়ে গেছে সৌম্যর বিপিএল খেলাও।
সবকিছু ঠিক থাকলে বিপিএলের মাঝামাঝি
সময়ে সৌম্যকে দলে পেতে পারে তার দল রংপুর রাইডার্স। ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের
শুরুর দিকে দর্শক হিসেবেই কাটাতে হবে টাইগার ব্যাটারকে।
সেন্ট ভিনসেন্টে ক্যারিবিয়ানদের রান
তাড়ায় সপ্তম ওভারে ঘটেছে ঘটনাটি। তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল।
সহজ ক্যাচটি নিতে পারেননি সৌম্য। বল তার আঙুলে আঘাত হেনে পড়ে যায়। সাথে সাথে আঙুল চেপে
ধরে ব্যথায় কাতরাতে থাকেন। ছুটে আসে ফিজিও। দুজন মিলে মাঠ ছাড়েন আঙুল চেপে ধরে। নেওয়া
হয় হাসপাতালে। পরে বিসিবির বিবৃতিতে জানানো হয় চোটের বিস্তারিত।
টাইগার ক্রিকেট বোর্ডের ফিজি বায়েজুল
ইসলাম বলেন, ‘সৌম্য ডান হাতের তর্জনি আঙুলে চোট পেয়েছে, তাকে পাঁচটি সেলাই দিতে হয়েছে।
ম্যাচ শেষে এক্স-রে করার পর তার আঙুলের একটি জয়েন্টে নড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে
তিন থেকে চার সপ্তাহ লাগবে তার।’
গতকাল সিরিজ নিশ্চিতের ম্যাচে সৌম্য
ভালো না করতে পারলেও বেশ ফর্মে ছিলেন। ওয়ানডে সিরিজে দুর্দান্ত কাটানোর পর টি-টোয়েন্টি সিরিজের
প্রথম ম্যাচে করেছিলেন ৪৩ রান। টপ অর্ডারে বাংলাদেশের মতো রংপুর রাইডার্সও ছন্দে থাকা
সৌম্যর অভাব বোধ করবে নিশ্চয়ই।