প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম
জাসপ্রিত বুমরা
ব্যাটারেরা ব্যর্থ হলেও বল হাতে কখনও রোহিত শর্মাকে নিরাশ করেননি জাসপ্রিত বুমরাহ। কপিল দেবের রেকর্ড ভেঙে সেই তারকা পেসার ব্রিসবেনে নজির গড়লেন। অস্ট্রেলিয়ার মাটিতে এক নতুন পালকও জুড়লো তার মুকুটে।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক এখন বুমরাহ। ১০ ম্যাচে ৫৩টি উইকেট তার ঝুলিতে। এত দিন এই রেকর্ড ছিল কপিলের। ১১টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচ কম খেলে তা ভাঙলেন বুমরাহ।
তালিকায় তিন নম্বরে রয়েছেন অনিল। অস্ট্রেলিয়ায় ১০ ম্যাচে ৪৯টি উইকেট নিয়েছেন এই ভারতীয় লেগ স্পিনার। চার নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। ১১টি ম্যাচে তিনি নিয়েছেন ৪০টি উইকেট। যদিও অশ্বিনের উইকেটের সংখ্যা অবশ্য আর বাড়বে না। কারণ, ব্রিসবেন টেস্টের পরেই অবসর ঘোষণা করেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় সফরের প্রথম ইনিংসেই বুমরাহ বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যায় ফেলবেন। পার্থে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। অ্যাডিলেডেও প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভারই বল করেন তিনি। ব্রিসবেনেও প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ভারতীয় পেসার। তিনটি টেস্টে ২১টি উইকেট নিয়েছেন তিনি, যা এই সিরিজে সর্বাধিক।