প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৩১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮ পিএম
শামীম হোসেন পাটোয়ারী
ছয় বছর পর টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা দুই জয়ে ব্যাটে হাতে অগ্রণী ভূমিকা রেখেছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রথম ম্যাচে ২৭ রানের ঝড়ো গতির পর আজ উপহার দিয়েছেন ১৭ বলে ৩৫ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। শুরুর দিকের ব্যাটিংয়ে ধুঁকতে থাকা টাইগাররা শেষ পর্যন্ত ১২৯ রানের স্কোর পায় মূলত এ মিডল-অর্ডার ব্যাটারের ব্যাটিং নৈপুণ্যে। দারুণ ইনিংস খেলে ছিনিয়ে নেন ম্যাচসেরার পুরস্কার।
পুরস্কার নিতে এসে শামীম জানান, এটা বিজয়ের মাসে দেশবাসীর জন্য বড় উপহার এ সিরিজ জয়, ‘বাংলাদেশের জন্য অসাধারণ একটি সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজের মতো একটি দল যারা টি-টোয়েন্টিতে কতো শক্তিশালী। সেটা যে কন্ডিশন কিংবা পিচেই খেলা হোক। পাশাপাশি বিজয়ের মাসে এটি আমাদের দেশবাসীর জন্যও বড় একটি উপহার।’
প্রত্যাবর্তনে দ্যুতি ছড়াতে থাকা শামীম বললেন তিনি শুধু নিজের খেলাটাই খেলে যাচ্ছেন, ‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’
এর আগে অনেক দিন জাতীয় দলের বাইরে ছিলেন। এ নিয়ে মোটেই উদ্বিগ্ন নন শামীম। এথন সিরিজ জয়ই তার কাছে বড় অর্জন, ‘না মনে তো আগেও পড়ছে। সুতরাং যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পেরেছি তাদের মাঠে এটাই আমাদের অনেক বড় পাওয়া।’
আত্মবিশ্বাসের উৎস কী? এ নিয়ে শামীম বলেন, ‘আসলে লাস্টে আমি যে কয়টা ম্যাচ খেলেছি এইচপিতে, অস্ট্রেলিয়াতে বলেন। যেগুলোতে ভালো খেলে আসছি এগুলোর কারণে আমার অনেক কনফিডেন্স লেভেলটা ভালো ছিল। আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলবো ইনশাল্লাহ এরকম।’