প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৭ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম
সতীর্থদের সঙ্গে তাসকিনের উইকেট উদযাপন
সাদামাটা ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ। তাতে পুরো ২০ ওভারও ব্যাটিং করতে পারলেন না স্বাগতিকরা। ১৮.৩ ওভারে মাত্র ১০২ রানেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের অবিস্মরণীয় জয়ে ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলেন লাল-সবুজের প্রতিনিধিরা।
কুড়ি ওভারের ফরম্যাটে ২০১৮ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেন টাইগাররা। বিদেশের মাটিতে ২০২২ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পুঁজি ছিল খুবই কম, মাত্র ১২৯ রান। ক্যারিবীয়দের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এত অল্প রানের মধ্যে ধসিয়ে দিয়ে জয় ছিনিয়ে নেওয়াটা অবিশ্বাস্যই।
উইন্ডিজের মেরুন জার্সিতে ব্যাট হাতে লড়াই করে গেছেন কেবল রোস্টন চেজ আর আকিল হোসেন। তবে সেটা মোটেই পর্যাপ্ত ছিল না। রোস্টনের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩২ রান। শেষ দিকে আকিল ৩১ বলে ৩১ রান যোগ করলেও লাভ হয়নি।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট গেছে মাহেদী হাসান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের পকেটে।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৪৭ রানের পুঁজি গড়ে ছিল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে টাইগাররা সংগ্রহ করে আরও কম। ৭ উইকেটে ১২৯ রান তুলে থেমে যায় তারা।
আটে নামা শামীম খেলেছেন সর্বোচ্চ ১৭ বলে হার না মানা ৩৫ রানের ইনিংস। হয়েছেন ম্যাচসেরা। অষ্টম উইকেটে তানজিমের সঙ্গে তার ২৩ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিটি না হলে একদমই সাদামাটা স্কোর হতো বাংলাদেশের। এই জুটিতে শামীমের অবদান ১২ বলে ৩০। তৃতীয় উইকেটে এসেছে ৩১ বলে ২৮ রানের জুটি।
২৫ বলে ২৬ রান করেন মিরাজ। ২০ বলে ২১ রান জাকেরের। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে ২ উইকেট স্পিনার মোতির। ১টি করে উইকেট চেজ, আলজারি, আকিল ও ম্যাকয়ের।
তার আগে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বোলিং বেছে নেন। একই ভেন্যুতে প্রথম ম্যাচও জিতে নিয়েছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১২৯/৭, ২০ ওভার (শামীম ৩৫*, মিরাজ ২৬, জাকের ২১, সৌম্য ১১, মেহেদী ১১, তানজিম ৯; মোতি ২/২৫, আকিল ১/১৬, আলজারি ১/২১, ম্যাকয় ১/৩২ ও চেজ ১/৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০২, ১৮.৩ ওভার (চেজ ৩২, আকিল ৩১, চার্লস ১৪, কিং ৮,পাওয়েল ৬, পুরান ৫; তাসকিন ৩/১৬,রিশাদ ২/১২, মেহেদী ২/২০, তানজিম ২/২২ ও হাসান ১/২৩)।
ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী।
ম্যাচসেরা: শামীম হোসেন (বাংলাদেশ)।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে।