প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:১৯ পিএম
তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সকালে দ্বিতীয় টি-টোয়েন্টি— সংগৃহীত ছবি
টেস্ট সিরিজে পাওয়া আত্মবিশ্বাস ভেঙেছিল ওয়ানডেতে। সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ টেনেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে লিটন ব্রিগেড। মারকাটারি সংস্করণে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি লড়াই। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া কুড়ি কুড়ির ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। সিরিজের পরের ম্যাচ ২০ ডিসেম্বর।
কুড়ি ওভারের সংস্করণে ধারে-ভারে অনেকটা এগিয়ে ক্যারিবিয়ানরা। তবে দলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় দিবসে দারুণ জয় আনে লিটন দাসের দল। এগিয়ে যাওয়া সিরিজের দ্বিতীয়টিতেও জয়ে চোখ সফরকারীদের। আগের ম্যাচের মতো দলগত পারফর্ম করে কালই সিরিজ বগলধাবা করতে চান শামিম হোসেন পাটোয়ারীরা। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজের দল।
টি-টোয়েন্টিতে এখন অবধি সাতটি সিরিজ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ। চারটি সিরিজের ট্রফি নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একটি হয়েছে ভাগাভাগি। মুখোমুখি দেখায় ১৭ ম্যাচের নয়টিতেই জিতেছে ক্যারিবিয়ানরা। ছয়টিতে জয় বাংলাদেশের। ফল হয়নি দুটি টি-টোয়েন্টিতে। এবার সিরিজ জয়ের বড় সুযোগ বাংলাদেশের। সেই সুযোগ লুফে নিতে চায় বাংলাদেশ।
টাইগারদের মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী আশাবাদী তারা আজই সিরিজ নিশ্চিত করতে পারবেন। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন প্রথম ম্যাচ জয়ের অন্যতম নায়ক, ‘যেহেতু এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছি। লক্ষ্য থাকবে সিরিজ জেতা। এখন সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল। কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে।’
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামীকাল পিছিয়ে থেকেই শুরু করছে ক্যারিবিয়ানরা। তবে বাংলাদেশের পক্ষে কাল জয় আসলে, পরের ম্যাচটি হয়ে যাবে স্বাগতিকদের স্রেফ নিয়মরক্ষার। অথবা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের বদলা ঠেকানোর। লিটনরা পেরে না উঠলে, ২২ ডিসেম্বরের ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল। সময় দেবে সব উত্তর।