প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২ পিএম
ফলোঅনের শঙ্কা জেগেছিল। জসপ্রীত বুমরা ও আকাশ দীপের কৃতিত্বে সে ফাঁড়া কেটে গেছে। লজ্জার হাত থেকে বেঁচে গেছে ভারত। তার পরও ম্যাচের যে অবস্থা তাতে ড্রয়ের পথেই এগোচ্ছে ব্রিসবেন টেস্ট। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে চতুর্থ দিন শেষ করেছে। তারা এখনও পিছিয়ে ১৯৩ রানে। ক্রিজে থাকা আকাশ দীপ ২৭* ও জসপ্রীত বুমরা ১০* বুধবার নতুন দিন শুরু করবেন।
মঙ্গলবার ব্রিসবেনের চতুর্থ দিনে ভারতের অন্যতম চ্যালেঞ্জ
ছিল ফলোঅন এড়ানো। আকাশ দীপ ও বুমরা জুটি যখন ব্যাট করতে নামে তখনও ফলোঅন এড়াতে সফরকারীদের
প্রয়োজন ছিল ৩৩ রান। তার পরও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মেঘলা আকাশে অস্ট্রেলিয়ার বিধ্বংসী
পেস আক্রমণের সামনে তারা লড়াই করার মতো সাহস দেখিয়েছেন। একটা পর্যায়ে প্যাট কামিন্সের
করা অফ স্টাম্পের বাইরের বলটিকে গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করেন আকাশ।
মুহূর্তেই স্টেডিয়ামের গ্যালারিজুড়ে ভারতীয় সমর্থকদের উল্লাস। ড্রেসিংরুমে প্রধান কোচ
গৌতম গম্ভীরের সঙ্গে হাই ফাইভ করলেন বিরাট কোহলি। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনের
সেই ঐতিহাসিক টেস্টের পর এই প্রথম ভারতকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল অস্ট্রেলিয়া।
এদিন ৪ উইকেটে ৫১ রান নিয়ে দিনের খেলা শুরুর পর প্রথম
বলেই জীবন পান লোকেশ রাহুল। প্রথম স্লিপে তার ক্যাচ ছেড়েছেন স্মিথ। তার পর আধা ঘণ্টার
মতো কাটিয়ে দেন রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। দলের ৭৪ রানে রোহিত ফিরলে ভাঙে জুটি।
তার পরই ফলোঅন এড়াতে মূল প্রতিরোধের কাজটা করেছেন রাহুল। রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৬৭
রান যোগ করেছেন। ৮৪ রানে রাহুলকে থামান নাথান লায়ন। তার দেখানো পথ ধরে এগিয়ে যান রবীন্দ্র
জাদেজাও। নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ৫৩ রান যোগ করেন তিনি। এই জুটিকে দেখে মনে হচ্ছিল
তারা ফলোঅন এড়িয়ে যেতে পারবে। কিন্তু রেড্ডিকে ১৬ রানে ফিরিয়ে প্রতিরোধ ভেঙে দেন প্যাট
কামিন্স। তখন বোলারদের নিয়ে লড়াই করা ছাড়া আর উপায় ছিল না জাদেজার। বৃষ্টির কারণে আগেভাগে
নিতে হয় চায়ের বিরতি। তার পর স্ট্রাইক ধরে রেখে ৭৭ রান তুলে ফেলেন তিনি। কিন্তু জাদেজা
কামিন্সের বলে আউট হলে তখন ফলোঅনের শঙ্কাই উঁকি দিতে থাকে। কঠিন এই সময়েই গুঁড়ি গুঁড়ি
বৃষ্টিতে অসাধ্য সাধন করে বুমরা-দীপের স্মরণীয় দশম উইকেট জুটি। তারা এখনও অবিচ্ছিন্ন
৩৯ রানে!
প্যাট কামিন্স ৮০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৮৩ রানে তিনটি
নিয়েছেন মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৭.১ ওভারে ৪৪৫ অলআউট
(হেড ১৫২, স্মিথ ১০১, ক্যারি ৭০; বুমরা ৬/৭৬, সিরাজ ২/৯৭)।
ভারত ১ম ইনিংস : ৭৪.৫ ওভারে ২৫২/৯ (রাহুল ৮৪, জাদেজা ৭৭, আকাশ ২৭*, বুমরা ১০*, রোহিত ১০; কামিন্স ৪/৮০, স্টার্ক ৩/৮৩)।
* ৪র্থ দিন শেষে ভারত ১৯৩ রানে পিছিয়ে।