প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৩ পিএম
পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে পদত্যাগের তিন দিন পর প্রকাশ্যে এলেন জেসন গিলেস্পি। ব্রিসবেনে আজ অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এবিসিকে ৪৯ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জানিয়েছেন, তার সঙ্গে কোনো আলোচনা না করেই পাকিস্তানের পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়ার টিম নিয়েলসেনকে বরখাস্ত করে পিসিবি। তার গিলেস্পির মোটেও পছন্দ হয়নি। সে সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পিসিবির সঙ্গে আর কাজ করা সম্ভব নয়।
গিলেস্পি বলেন, ‘নিয়েলসেনকে বলে দেওয়া হয়েছিল যে তাকে আর প্রয়োজন নেই এবং আমার সঙ্গে এ বিষয়ে কেউ কোনো যোগাযোগই করল না। সেই মুহূর্তেই আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি নিশ্চিত নই, তারা আসলে আমাকে এ চাকরিতে রাখতে চায় কি না।’
এসময় গিলেস্পি আরও বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। বিশেষ করে দল নির্বাচন কিংবা একাদশ নির্বাচন করাতেও নাকি গিলেস্পির কোনো ভূমিকা থাকত না। এমনকি একাদশ কী হবে, তা ম্যাচের আগের দিনও তাকে জানানো হতো না বলে অভিযোগ তার। তিনি বলেন , ‘আমি আসলে শুধু ক্যাচ অনুশীলন করানোর কাজ করছিলাম এবং এটা প্রায় ম্যাচের দিন সকালে। নির্বাচকসহ সবার কাছ থেকে আপনি পরিষ্কার যোগাযোগ আশা করবেন এবং প্রধান কোচ হিসেবে অন্তত ম্যাচের এক দিন আগে আপনাকে দলটা জানতে হবে, যাতে আপনি খেলোয়াড়দের সাহায্য আর প্রস্তুত করতে পারেন।’