সাকিবের বিষয়টা ‘অস্বাভাবিক’
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:৫৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ এএম
তামিম ইকবাল ও গাজী আশরাফ হোসেন লিপু
বাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল খেলছেন না প্রায় ১৫ মাস। সাত মাস ধরে স্বীকৃত ক্রিকেটে মাঠেই ছিলেন না দেশসেরা এ ওপেনার। দীর্ঘ বিরতি শেষে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াইয়ে ফিরেছেন। তামিমের মাঠে ফেরার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন গাজী আশরাফ হোসেন লিপু। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, তামিম চ্যাম্পিয়নস ট্রফিতে থাকলে দলের জন্য খুব ভালো হবে, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিনি অ্যাভেইল্যাবল থাকবেন কি না। যদি থাকেন তাহলে তো দারুণ।’
বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে চার ম্যাচে দুই ফিফটিসহ দেড়শর বেশি স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ১৯০ রান। এ টুর্নামেন্টে আর খেলবেন না। এরপর বিপিএল মাতাবেন ফরচুন বরিশালের জার্সি গায়ে।
সাবেক টাইগার অধিনায়কের এমন দাপুটে পারফরম্যান্স মন কেড়েছে প্রধান নির্বাচকের। মাঠে ফিরে তামিমের রানের দেখা পাওয়াকে জাতীয় দলে তার ফেরার পথ হিসেবেই দেখছেন গাজী আশরাফ। তাই তারকা এ ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসতে চান লিপু, ‘তামিমের বিষয়টা অনেক দিন ধরে... কেউ যদি আসলে (দল থেকে) নিজেকে সরিয়ে রাখে... আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। এ নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেট মাঠে ফেরত এসেছেন। একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে।’
সামনের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য তামিমকে আরও উন্নতি করতে হবে। এমনটাই মনে করছেন প্রধান নির্বাচক, ‘তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে... একটা ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’
বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গাজী আশরাফ কথা বলেন সাকিবকে নিয়েও, ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এ মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা। এটা (সাকিবের বর্তমান অবস্থা) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়, যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’