এনসিএল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম
তামিম ইকবাল
প্রথম ম্যাচে তামিম ইকবাল ব্যাট হাতে খুব বেশি এগোতে পারেননি। প্রত্যাবর্তনের ম্যাচে ১০ বলে ১৩ রানের ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। ফেরার ম্যাচে হতাশ করলেও তামিম দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠেন। ঝড়ো ব্যাটিংয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের নিজের ৫০তম ফিফটি আদায় করে নেন তামিম। তার ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে জয়ের মুখ দেখে চট্টগ্রাম বিভাগ। তৃতীয় ম্যাচে অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ওপেনার তামিম ২৯ বল খেলে দলীয় স্কোরে যোগ করেন ২১ রান।
চতুর্থ ম্যাচ খেলতে নেমে আজ আবার জ্বলে উঠেছেন তামিম। দিয়েছিলেন সেঞ্চুরির আভাস। কিন্তু দুর্ভাগ্য জাদুকরী তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার ৯ রানের জন্য। অবশ্য তার ব্যাটিংয়ের শুরুটা ছিল মন্থর। প্রথম ২০ বলে তুলেছিলেন ২১ রান। পাওয়ারপ্লের শেষ বলে ছক্কা হাঁকানোয় স্ট্রাইক রেট উঠে ১০০ এ ওপর। এরপর খোলস ভেঙে বেরিয়ে এসে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তামিম।
তামিম হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৭ বলে। তবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ৯ রানের আক্ষেপ নিয়ে ফেরেন। ৫৪ বল খেলে ৯১ রানের দাপুটে এক ইনিংসে সাজিয়েছেন ৭ বাউন্ডারি ও ৬ ছক্কায়। ব্যাটিংয়ের গতি বাড়িয়ে শেষ ৩৪ বলে দলীয় স্কোরে ৭০ রান যোগ করেন তামিম। তার চমৎকার এ ইনিংসের সুবাদেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েও লাভ হয়নি চট্টগ্রাম বিভাগের। ইফতেখার আহমেদ ইফতি (৫৬) ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের (৫৩*) জোড়া ফিফটিতে বরিশাল বিভাগ ম্যাচ জিতে নিয়েছে ৫ উইকেটে।
তবে সিলেটে নাজমুল হোসেন শান্ত অবশ্য বাজে একটা দিনই কাটিয়েছে। কুঁচকির চোট কাটিয়ে ফেরা শান্ত শনিবার বরিশালের বিপক্ষে ৮০ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছিলেন। কিন্তু আজ রংপুরের বিপক্ষে টাইগার ক্যাপ্টেনের ব্যাট ছুঁয়ে এসেছে মাত্র ৬ রান। তারওপর আউট হয়েছেন একটু দৃষ্টিকটুভাবে। মুকিদুল ইসলামের করা লেংথ বলে পুল করতে চেয়েছিলেন। কিন্তু নিচু হয়ে আসা বল ব্যাটে লাগাতেই পারেননি। ভেঙে যায় তার উইকেট। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ক্রিজে পড়েও যান! ‘উত্তরবঙ্গ ডার্বি’তে বাংলাদেশ অধিনায়ক শান্তর দল রাজশাহী বিভাগকে ৭ উইকেটে ধরাশায়ী করেছে রংপুর বিভাগ।