প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১ পিএম
লিভারপুলের ফুটবলারদের গোলের উচ্ছ্বাস
মাঠের লড়াইয়ে দুবার পিছিয়ে পড়ে লিভারপুল। দশ জন নিয়ে খেলতে হয়েছে ম্যাচের সিংহভাগ সময়। ম্যাচ বাঁচাতে হলে তো এমন কঠিন পরিস্থিতিতে পাল্টে দেওয়া যায় চিত্রনাট্য। ফুলহামের বিপক্ষে তেমনই চ্যালেঞ্জে উতরেও গেল লিভারপুল। কোচ আর্নে স্লটের শিষ্যরা প্রমাণ দিলো নিজেদের সামর্থ্যের।
ম্যাচ হয়তো জিততে পারেনি। তবে যে রোমাঞ্চকর ড্র করেছে, যেটা জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফুলহামের সঙ্গে ২-২ গোলে হোঁচট খেয়েছে লিভারপুল। এ ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ অজেয় থেকে গেল অল রেড শিবির।
ম্যাচের ১১ মিনিটের মাথায় আন্দ্রেই পেরেইরার গোলে ফুলহাম লিড নিতেই পিছিয়ে পড়ে লিভারপুল। সেই গোল হজমের ৬ মিনিট বাদে অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখলে লিভারপুলের বিপদ আরও বেড়ে যায়। ভিএআর রিপ্লেতে লাল কার্ডের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে যায়। তাই ১০ জন নিয়েই বাকি সময় খেলা চালিয়ে যেতে হয় লিভারপুলকে। তবে এমন বিপর্যয়ের মাঝেও হাল ছাড়েনি ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
বিরতির পর খেলা শুরু হতেই মোহাম্মদ সালাহ অ্যাসিস্টের সেঞ্চুরি করে বসেন। এই সুযোগটা কাজে লাগিয়ে লিভারপুলকে সমতাসূচক গোল এনে দেন কোডি গাকপো। কিন্তু ৭৬ মিনিটে রদ্রিগো মুনিজের গোলে ফের পিছিয়ে পড়ে লিভারপুল। ধরেই নেওয়া হয়েছিল হারতেই যাচ্ছে তারা।
তভে চোট কাটিয়ে ফিরেই লিভারপুলের মান বাঁচান দিয়েগো জোতা। ৮৬ মিনিটে এ পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই কোনোমতে একটি পয়েন্ট বাঁচিয়েছে লিভারপুল। এ ড্রয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরেই থেকে গেল লিভারপুল। দুইয়ে থাকা চেলসি এখনো তাদের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে। লিগের অন্য ম্যাচে আর্সেনাল গোলশূন্য (০-০) ড্র করেছে এভারটনের সঙ্গে।