× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোর্ডার-গাভাস্কার ট্রফি

স্মিথ-হেডের সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০ পিএম

স্মিথ-হেডের সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

ব্রিসবেন টেস্টের প্রথমদিন ভারত-অস্ট্রেলিয়ার কাউকেই চোখ তুলে তাকাতে দেয়নি বৃষ্টি। রবিবার দ্বিতীয় দিনে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট হাতে লম্বা সময় পর সেঞ্চুরির দেখা পান স্টিভেন স্মিথ৷ ফর্মে থাকা ট্রাভিস হেডও টানা দ্বিতীয় শতক তুলে নেন। বল হাতে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ পার্থ টেস্টের পর ব্রিসবেনেও পান ফাইফারের দেখা। 

গ্যাবায় মুষলধারে হওয়া বৃষ্টিতে প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ১০১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান করেছে অস্ট্রেলিয়া৷ হেড ১৫২ ও স্মিথ ১০১ রান করেন। অ্যালেক্স ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক ৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। বল হাতে ২৭ ওভারে ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন বুমরাহ। 

ইনিংসের ১৭তম ওভারে বুমরাহর দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন উসমান খাজা (২১ রান)। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিকে (৯) ফেরান তিনি। ৩৮ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া তৃতীয় উইকেট হারায় ৭৫ রানে। এবার নীতিশ রেড্ডির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দেন মার্নাশ লাবুশেন (১২)। 

এরপর স্মিথকে নিয়ে লম্বা সময় পাড়ি দেন হেড।দুজনে জুটি বাঁধেন ২৪১ রানের। তাদের জুটিতে দুইজনই শতকের দেখা পেয়ে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন দলকে। ২৬ ইনিংস পর টেস্টে সেঞ্চুরির দেখা পান স্মিথ। যা সাদা পোশাকে সাবেক অজি অধিনায়কের ৩৩তম সেঞ্চুরি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাজিক ফিগারও। ৪১ সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে সবার ওপরে আছেন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।

এ ছাড়া বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্মিথ সেঞ্চুরির দিক থেকে আছেন দুইয়ে। তার সামনে আছেন কেবল দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড ব্যাটার জো রুট (৩৬)। এ ছাড়া কেইন উইলিয়ামসন ৩২ ও বিরাট কোহলি ৩০ সেঞ্চুরি নিয়ে টেস্ট তালিকায় (বর্তমান ক্রিকেটার) তাদের পরের অবস্থানে আছেন। এদিন স্মিথ সেঞ্চুরি পূর্ণ করেন ১৮৩ বলে। ১২টি চারের মারে তিনি ১০১ রান করে আউট হয়েছেন।

অন্যদিকে, ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ট্রাভিস হেড ম্যাজিক ফিগারে পৌঁছান ১১৫ বলে। এরপর বুমরার পঞ্চম শিকারে পরিনত হওয়ার আগে ১৬০ বলে ১৮ বাউন্ডারিতে ১৫২ রানের ইনিংস খেলেন তিনি। দিনের শেষ ব্যাটার হিসেবে অধিনায়ক প্যাট কামিন্স ২০ রান করে ফিরে গেলেও ক্যারি ও স্টার্ক আর কোনো বিপদ হতে দেননি।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ২৮/০) ১০১ ওভারে ৪০৫/৭ (খাজা ২১, ম্যাকসুয়েনি ৯, লাবুশেন ১২, স্মিথ ১০১, হেড ১৫২, মার্শ ৫, ক্যারি ৪৫*, কামিন্স ২০, স্টার্ক ৭*; বুমরাহ ৫/৭২, সিরাজ ১/৯৭)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা