প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৪১ পিএম
ওয়েস্ট ইন্ডিজ সফরে আশানুরূপ ফল পাচ্ছে না বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতায় শেষ করলেও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে একঅর্থে অসহায়ভাবেই আত্মসমর্পণ করেছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদি হাসান মিরাজরা। ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে লড়তে যাচ্ছে দুই দল।
সেন্ট ভিনসেন্টের আরনস ভেল গ্রাউন্ডে আগামীকাল সোমবার মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ম্যাচসংক্রান্ত বিষয়াদি নিয়ে কথা বলেছেন এই সিরিজে টাইগারদের টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া লিটন দাস। টি-টোয়েন্টিকে বাংলাদেশের জন্য কঠিন আখ্যা দিয়েছেন তিনি। সিরিজটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হলেও ভালো কিছুর প্রত্যাশায় তিনি।
রবিবার(১৫ ডিসেম্বর) বিসিবির প্রকাশিত এক ভিডিওতে টাইগার দলপতি বলেন, ‘নরমালি টি-টোয়েন্টি আমাদের জন্য একটু ডিফিকাল্ট। ম্যাচগুলোও ওদের মাটিতে। একটু ডিফিকাল্টি হবেই। আমরা চেষ্টা করব কীভাবে এটা থেকে বের হওয়া যায়।’
দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘ঘাটতি নেই। গতকাল রাতে আমরা আলোর নিচে ফিল্ডিং অনুশীলন করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডে খেলছে, টেস্ট খেলছে। তারা খেলার মধ্যেই আছে। দুই একজন প্লেয়ার হয়তো নতুন। তারাও কয়েকটা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।’
আরনস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ গত জুনেও খেলেছে। টি-টোয়েন্টির বিশ্বকাপের তিন ম্যাচে টাইগাররা করে যথাক্রমে ১৫৯, ১০৬ ও ১০৫। ভেন্যুটা কিপটে হিসেবেই পরিচিত। কিন্তু লিটন এর নতুন চরিত্র দেখছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের যে উইকেট ছিল, আর এখনকার উইকেট; দুটোর মধ্যে পার্থক্য আছে। গতকাল যখন অনুশীলন করেছি, উইকেট সিমিলার মনে হয়নি।’