প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম
মোহাম্মদ আমির
অবসরের খবর আগেই দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। তারকা এ অলরাউন্ডারের পর আন্তর্জাতিক ক্রিকেটকে আবার গুডবাই বলে দিলেন মোহাম্মদ আমিরও। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন ৩২ বছরের তারকা এ পেসার। শনিবার এক বিবৃতিতে এ দুজনের অবসরের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুজনেই এক সঙ্গে অবসর ভেঙে ফিরেছিলেন জাতীয় দলে। এবার এক সঙ্গে বিদায়ও নিলেন।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিরের। নিজের প্রথম বিশ্ব আসরেই ছিনিয়ে নেন শিরোপা। কিন্তু ক্যারিয়ারে বড় আঘাত লাগে পরের বছরই। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে তার নাম। এ অপরাধে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির। কয়েক মাস জেলও খেটেছেন তিনি।
জীবনের সেই দুঃসময় পেরিয়ে ২০১৬ সালে জাতীয় দলে ফেরেন আমির। পরের বছর পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। ২০২০ সালের ডিসেম্বরে ‘টিম ম্যানেজমেন্টের মানসিক নির্যাতন’ ও প্রচণ্ড চাপকে কারণ দেখিয়ে হঠাৎ না বলে দেন আন্তর্জাতিক ক্রিকেটকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য গত মার্চে অবসর ভেঙে ফেরেন আমির। পরের মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পেয়েছিলেন।
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্বের বৈতরণীই পেরোতে পারেনি। খুব একটা খারাপ খেলেননি আমির। ৪ ম্যাচে নেন ৭ উইকেট। বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচই হয়ে থাকল এ ক্রিকেটারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। পাকিস্তানের জার্সি গায়ে ৬২ টি-টোয়েন্টিতে শিকার করেন ৭১ উইকেট। তবে ৩৬ টেস্ট খেলে উইকেট পান ১১৯টি। আর ৬১ ওয়ানডেতে পেয়েছেন ৮১ উইকেট।