প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৪ পিএম
সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আসতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সংবাদমাধ্যমের সবশেষ খবর, আগামী বছর আসরটি হবে হাইব্রিড মডেলে। যার মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ, আর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে।
প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবার (১৪ ডিসেম্বর) আইসিসি সভাপতি জয় শাহ বিসিসিআই ও পিসিবির কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের পর চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে।
ভারতের নিরাপত্তা সংক্রান্ত আপত্তির কারণে তাদের কোনো ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে না। টিম ইন্ডিয়ার গ্রুপপর্বের তিনটি ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের ভেন্যু দুবাই। তবে ভারত যদি গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে, সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের লাহোর এবং রাওয়ালপিন্ডিতে।
তবে হাইব্রিড মডেলে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও ২০২৭ সালের পর নারী আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পিসিবি পেয়েছে।
পাকিস্তানও অবশ্য ভারতকে কঠোর শর্তে ছাড় দেয়নি। ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলংকা। তবে ভারতের মাটিতে কোনো গ্রুপ ম্যাচ খেলবে না পাকিস্তান। তাদের সব ম্যাচ হবে শ্রীলংকায়, এমনকি ভারতের বিপক্ষে তাদের হাইভোল্টেজ ম্যাচও কলম্বোতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান বিশ্বকাপের নকআউটে উঠলে সেক্ষেত্রে ম্যাচের ভেন্যু কোথায় হবে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছে, ২০২৭ পর্যন্ত তা মেনে নিচ্ছে আইসিসি। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু নিয়ে পরে সিদ্ধান্ত হবে।
টুর্নামেন্ট সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকা ভারতের সাংবাদিক বিক্রান্ত গুপ্তা বলেছেন, এটি ঠিক সেভাবেই হয়েছে যেমনটি আমরা এক মাস ধরে প্রত্যাশা করছিলাম। পিসিবি, আইসিসি এবং বিসিসিআই সকলেই এই ব্যবস্থায় সন্তুষ্ট।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের পর প্রথমবার, যখন পাকিস্তান একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। ২০০৯ সালে লাহোরে ক্রিকেটারদের ওপর হামলার পর পাকিস্তান দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি। তবে, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণমাত্রায় ফিরলেও এবার পাকিস্তান প্রথমবারের মতো একটি বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।
আট দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান।