চেলসির পাঁচে পাঁচ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ০০:৫৫ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ০৩:১২ এএম
ম্যানইউয়ের ফুটবলারদের গোলের উল্লাস
লড়াইয়ে পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগে চেক প্রজাতন্ত্রের চ্যাম্পিয়ন ক্লাব ভিক্টোরিয়া পালজেনকে ২-১ গোলে ধরাশায়ী করেছে রেড ডেভিলরা।
এ নিয়ে টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে ম্যানইউ। ড্র করেছে বাকি ৩টিতে। তাতে ১২ পয়েন্ট নিয়ে ওল্ড ট্রাফোর্ড শিবির আছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। শীর্ষে থাকা লাৎসিও থেকে তাদের ব্যবধান ৪ পয়েন্টের।
ভিক্টোরিয়ার মাঠে প্রথমার্ধে অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরপরই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্রের ক্লাবটি। লড়াইয়ের ৪৮ মিনিটে পাভেল সুলসের পাস থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন ভিক্টোরিয়ার মাতেজ ভাইদ্রা। ৬২ মিনিটে অবশ্য সমতাসূচক গোল পায় ম্যানইউ। এ সময় রাসমাস হজলুন্ড খুব কাছ থেকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন।
ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে রাসমাস জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন দলকে। এ সময় কর্নার পায় ম্যানইউ। কর্নার থেকে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাসমাস। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
অন্যদিকে দারুণ ছন্দে রয়েছে এখন চেলসি। কাজাখস্তান ক্লাব এফসি আস্তানাকে ৩-১ গোলে হারিয়েছে স্টামফোর্ড শিবির। কনফারেন্স লিগে পাঁচ ম্যাচের সবগুলো জিতে শীর্ষস্থান আরও মজবুত করলো কোচ এনজো মারেস্কার শিষ্যরা।
একাদশে ব্যাপক পরিবর্তন আনেন মারেস্কা। গত রবিবার টটেনহ্যাম হটস্পারকে ৪-৩ গোলে হারানো একাদশের দশজনকেই বদলে ফেলে রোমাঞ্চকর জয় পেয়েছে চেলসি।