প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০১ এএম
দেশটির নাম পাকিস্তান। এ কারণেই হয়তো এক ঘটনার নানা ব্যাখ্যা। বর্তমানে পাকিস্তান ক্রিকেটে ক্রিকেটীয় আলোচনার চেয়ে অক্রিকেটীয় আলোচনা বেশি হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে পিসিবি ও সংস্থাটির চেয়ারম্যান মহসিন নকভি। ভারত ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া কিংবা আইসিসির সঙ্গে চলছে দেনদরবার। এর মধ্যে আলোচনায় নতুন রসদ জেসন গিলেস্পি। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যোগ দিতে অসম্মতি জানিয়েছেন দলটির লাল বলের কোচ। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মোহাম্মদ রিজওয়ানরা।
অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসারের দলের সঙ্গে যোগ না দেওয়ার পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। পিসিবির সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। যে কারণে দুবাইয়ে চলে যান গিলেস্পি। এ থেকে অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল, হয়তো পদত্যাগপত্র জমা দিয়েছেন গিলেস্পি। গতকাল নিশ্চিত হওয়া যায় টানাপড়নের শেষ পরিণতি হিসেবে পিসিবির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন তিনি। তার অবর্তমানে পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।
২০২৪ সালের শুরুতে দুই বছরের চুক্তিতে পিসিবির সঙ্গে যোগ দেন গিলেস্পি। এ সময় অম্ল-মধুর অভিজ্ঞতা হয় তার। যদিও অম্লের পরিমাণটা বেশি। কারণ ইংল্যান্ডের বিপক্ষে হার ছাড়াও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয় শান মাসুদরা। দলের বাজে পারফরম্যান্সে বেকায়দায় পড়েন গিলেস্পি। অধিনায়ক, সিনিয়র খেলোয়াড় এবং তাকে কাঠগড়ায় দাঁড় করায় পিসিবি। পরবর্তী সিরিজগুলোতে গিলেস্পিকে একপাশে রেখে সিদ্ধান্ত এবং দল নির্বাচনে মনোযোগ দেয় পিসিবি। বোর্ডের এমন সিদ্ধান্ত খুব একটা ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ান কোচ।