প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৪ পিএম
ট্রাভিস হেড যেন বড় মঞ্চের তারকা। দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে ওঠাই যেন তার দায়িত্ব। সবশেষ ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের দারুণ ইনিংস খেলে দলকে সিরিজে সমতায় ফিরিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। নিজেও আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। হেডের এমন পারফরম্যান্সে যারপনাই খুশি রিকি পন্টিং। সাবেক অজি অধিনায়কের চোখে, হেড কিংবদন্তি হওয়ার পথেই রয়েছে।
আগামীকাল শনিবার ব্রিসবেনে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। ম্যাচের আগেরদিন এক সাক্ষাৎকারে হেডকে প্রশংসায় ভাসিয়ে পন্টিং বলেন, ‘সে (হেড) একজন কিংবদন্তি হওয়ার পথে রয়েছে। আমি এখনই তাকে কিংবদন্তি বলতে বলছি না। কিন্তু সে দুর্দান্ত খেলছে। যা কিছু করছে তা দারুণ। অধিকাংশ সময়েই দলের যখন তাকে প্রয়োজন তখন সে সেটা মেটাচ্ছে। এসব বড় বড় মুহূর্তে হেড দাঁড়িয়ে গেছে এবং মুহূর্তটিকে নিজের করে নিয়েছে।’
পন্টিং হেডের মধ্যে এক সময়ের আক্রমণাত্মক ক্রিকেটার স্বদেশী অ্যাডাম গিলক্রিস্টের ছায়া দেখতে পান বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘যেভাবে হেড খেলছে সেটা অনেকাংশে মিলে যাচ্ছে গিলক্রিস্টের সঙ্গে। কেবল ব্যাটিং পজিশনে পার্থক্য। গিলি ছয়-সাতে ব্যাটিং করতো। হেড ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পাঁচে নেমে। তার খেলা উপভোগ করছি। তার ব্যাটিং দেখাটা বেশ সতেজতাদায়ক। আসলে হেড কোন পজিশনে খেলছে সেটা ব্যাপার না। সে মাঠে নামতেছে এবং নিজের স্বভাবজাত খেলাটা খেলছে। তার এই বিষয়টাই আমার সবচেয়ে ভালো লাগে।’