× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালে নিজেকে খোঁজেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ২২:১১ পিএম

 লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল

লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল

ইউরোপ থেকে অনেক দূরে এখন লিওনেল মেসি। বার্সেলোনা থেকে প্যারিস। অতঃপর আর্জেন্টাইন এ ফুটবল সুপারস্টার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। প্রায় পাঁচ হাজার মাইল দূরে থেকেও বার্সার সবার মনের কোণে ঠিক আগের মতোই এখনও আসীন মেসি। ভুলতে পারে না যেন কিছুতেই। কাতালানরাও মানতে বাধ্য, তার অভাবটা কখনই পূরণীয় নয়। মেগাস্টার মেসির বিকল্পের খোঁজে কাজ করে যাচ্ছে জায়ান্ট ক্লাবটি। এই কাজটা তো এক রকম অসম্ভব। তাইতো তার কাছাকাছি মানের কাউকে পেতেই পাখির চোখ করে আছে ক্লাবটি। মেসির ফেলে যাওয়া শূন্য জায়গাটা বুঝে নিতে প্রস্তুত ছিলেন আনসু ফাতির আরও অনেক উদীয়মান ফুটবলার। যদিও তাদের মধ্যে কেউ তেমনভাবে সাফল্যের মুখ দেখতে পারেননি। ইমার্জিং ফুটবলারদের তুলে আনার সে প্রক্রিয়ায় গত বছর অভিষেক হয় লামিনে ইয়ামালের। এখন তার মধ্যে মেসির প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন ফুটবল অনুরাগীরা।

অভিষেক ম্যাচ থেকেই বার্সায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ইয়ামাল। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন স্প্যানিশ এ তরুণ তুর্কি। ছন্দময় পারফরম্যান্স উপহার দিতে থাকায় একটু একটু করে মেসির সঙ্গে তার তুলনা করাও শুরু করেছেন অনেকে। মাঠে লড়াইয়ে দাপট দেখানোর স্টাইল আর ম্যাচে প্রতাপ বিস্তারের জন্যই মূলত হচ্ছে এমন তুলনা। উইং ধরে ইয়ামালের আক্রমণে ওঠার শৈলী যেন মনে করিয়ে দেয় মেসির পুরোনো দিনের কথাগুলো।

ব্যাপারখানা এখনেই শেষ নয়। বলার মতো আছে আরও অনেক কিছুই। পরিসংখ্যানে কিছু কিছু বিষয়ে মেসিকে এরই মধ্যে টপকে গেছেন ইয়ামাল। সার্বিক পারফরম্যান্স বিবেচনায় ১৭ বছরের ইয়ামাল বার্সেলোনার তো বটেই, বিশ্বফুটবলের অন্যতম সেরা ফুটবলারের স্বীকৃতি পেতে চলেছেন। তবে এতকিছুর মধ্যে আরও বড় স্বীকৃতি যোগ হয়েছে ইয়ামালের ক্যারিয়ারে। যার সঙ্গে তার তুলনা হচ্ছে এখন। সেই ফুটবল মহাতারকা মেসি স্বয়ং জয়গান গেয়েছেন ইয়ামালের। কৈশোরের খোলসে থাকা ইয়ামালকে শুধু বার্সার নয়, ফুটবল বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ তারকাই মনে করছেন মেসি।

সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের এক অনুষ্ঠানে মেসির আলাপচারিতার মাঝে উঠে আসে ইয়ামালের প্রসঙ্গ। গসপেল গিটারিস্ট গুকে ওয়েউ আর্জেন্টাইন এ ফুটবল গ্রেটের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, কার মধ্যে নিজের ছায়া খুঁজে পেয়েছেন? জবাবে ইয়ামালের স্তুতি গেয়েছেন ফুটবল জাদুকর মেসি, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে, যাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা তার বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিনে ইয়ামালকে বেছে নিয়েছে। কোনো সন্দেহ নেই আমিও তাই নেব, আমি একমত। তবে এটা তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সেই (ফুটবলের) বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে।’

ইয়ামাল যে ইতোমধ্যে মেসির মনের কোঠরে স্থান করে নিয়েছেন, সেটা আর বলতে! বার্সেলোনার প্রতি এখনও ভালোবাসা আর টানটা ঠিক আগের মতোই অনুভব করেন মেসি। প্রিয় ক্লাবের প্রতি শুভ কামনা জানিয়ে আলবিসেলেস্তের এ অধিনায়ক বলেন, ‘আমি বার্সাকে লা লিগা, কোপা দেল রে, এমনকি চ্যাম্পিয়নস লিগও আবার জিততে দেখতে চাই। যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না, তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা