প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শুক্রবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ফর্টিসের বিপক্ষে ড্র করে ঐতিহ্যবাহী ক্লাবটি। দিনের অন্য ম্যাচে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ৩-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারায় ফর্টিস।
মুন্সিগন্জে ব্রাদার্সের সেনেগালের চিক সেনে একাই করেন দুই গোল। খেলার ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। শেষ মিনিটে সেনে বক্সে প্রবেশ করে গোলরক্ষককে কাটিয়ে গোল করে ব্রাদার্সের জয় সুনিশ্চিত করেন।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ওমর সারের ৫২ মিনিটের গোলে লিড নেয়। জাতীয় দলে অভিষেক হওয়া স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন।
ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। পক্ষান্তরে এটি চট্টগ্রাম আবাহনীর টানা তৃতীয় হার। ফর্টিস তিন ম্যাচে প্রথম জয়ে চার পয়েন্ট আর ইয়ংমেন্সের টানা তৃতীয় হার।