প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৫০ পিএম
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শুরু-শেষের কথাগুলো শুনলে মনে হবে তিনি যেন একই কথা বারবার আওড়াচ্ছেন। 'আমাদের শেখার আছে', 'মাঝের ওভারে সমস্যা', 'ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেনি', 'উইকেট পড়তে ব্যর্থ হয়েছি'- সফরের প্রথম টেস্টে তিনি যা বলেছিলেন, গতকাল সেন্ট কিটসে সিরিজের শেষ ওয়ানডেতেও ঘুরিয়ে প্যাচিয়ে তাই বললেন।
এদিন ওয়ার্নার পার্কে কী দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে চারজনের ফিফটিতে টাইগাররা তুলেছে বছরের সর্বোচ্চ সংগ্রহ-৩২১ রান। তারপরও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। পড়েছে হোয়াইটওয়াশের লজ্জায়।
বড় স্কোর গড়েও পরাজয়। বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন মিরাজ। মজার ব্যাপার হলো, পূর্বের ন্যায় এবারও একই সুরে কথা বললেন। প্রথম ওয়ানডেতে হারের পর মিরাজ বলেছিলেন, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারিনি। আমাদের শেখার আছে। এবারও শুনালেন শেখার গল্প। তিনি বলেন, 'এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি এবং আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। আশার কথা হলো, কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি।’
প্রথম ওয়ানডেতে বোলিং নিয়ে মিরাজ বলেছিলেন, ‘নাহিদ, তাসকিন ও তানজিম মিলে আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি।’ দ্বিতীয় ওয়ানডেতে একই কথা বলেছেন, ‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে পারিনি। কোনো জুটি হয়নি।’ আর তৃতীয় ম্যাচে জুটি ভাঙতে না পারার খেসারত অবশ্য দিয়েছে বাংলাদেশ। সপ্তম উইকেটে গুড়াকেশ মোতি ও জাঙ্গুর ৫৩ বলে অবিচ্ছিন্ন ৯১ রানের ম্যাচ জেতানো জুটিতে। মাঝের ওভারগুলোয় উইকেট নিতে না পারার ব্যর্থতায় হেরেছে সফরকারীরা। শেষ ওয়ানডেতে এসব অজুহাতের পাশাপাশি মিরাজ যোগ করেন সিনিয়র অনুপস্থিতর কথা।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন নেই। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয় ইনজুরিতে। পেসার মোস্তাফিজুর রহমান পারিবারিক কারণে ছুটিতে। মিরাজ বললেন, ‘এই সিরিজে আমরা বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে পাইনি।'
হতাশার সিরিজে বাংলাদেশের একমাত্র অর্জন মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিকতা এবং দলের জন্য জানবাজ লড়াই। প্রথম দুই ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচেও ৬৩ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডারকে নিয়ে মিরাজ বলেছেন, ‘তিনি খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি।’