প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৪ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৮ এএম
সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ধুঁকছিল বাংলাদেশ। শেষটিতে জয় পেতে তাই মরিয়া ছিল মেহেদী হাসান মিরাজ বিগ্রেড। তিন পরিবর্তন নিয়ে অবশ্য তিনশ ছাড়ানো (৩২১ রান) পুঁজিই গড়েছিল সফরকারীরা। চলতি বছরে এটিই বাংলাদেশের ৩০০ রান পার করা। অথচ বছরের শেষ ওয়ানডে রাঙানো হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং ২০২৪ সালের শেষ ওয়ানডেতে টাইগাররা হেরেছে ৪ উইকেটে। সঙ্গে নিশ্চিত হয়েছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ।
গতকাল ওয়ার্নার পার্কে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিক যোগ করেন ১৫০ রান। এটি এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। রেকর্ড আরেকটি হয়েছে তাতে। প্রথমে ব্যাট করার সাপেক্ষে গতকালই সর্বোচ্চ ৩২১ রান করেছে বাংলাদেশ। এর আগে ২০১৯ বিশ্বকাপে টন্টনে রানতাড়া করতে গিয়ে ৩২২ রান তুলেছিল সাকিবদের দল। মিরাজদের এদিন ছিল মান বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে ব্যাটিংয়ে কাজ এগিয়ে রেখেছেন ব্যাটাররা।
সেন্ট কিটসে এদিন ৯ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে নেন সৌম্য (৭৩) ও মেহেদী (৭৭)। দুই ফিফটি হাঁকানো ব্যাটার ফিরে যাওয়ার পর হাল ধরেন মাহমুদউল্লাহ (৮৪) ও জাকের (৬২)। তাদের ১৫০ রানের রেকর্ড জুটিতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের লক্ষ্য দেয় টিম টাইগার্স।
জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিংকে ফেরান নাসুম আহমেদ। নিজের স্পেলের পরের ওভারেই ফের উইকেটের দেখা পান তিনি। এবারে বোল্ড করেন অ্যাথানেজকে। অধিনায়ক শাই হোপ টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৩১ রানে তাকে ফেরান পেসার হাসান মাহমুদ। হাসানের করা অফ স্টাম্পের বাইরে বলে হিট করতে সময়ের গড়বড় করেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। ফলাফল- স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে কট।
শেরফান রাদারফোর্ড কিছুক্ষণ ক্রিজে ছিলেন। তবে তার ইনিংস বট করতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ৩০ রানে ফিরেন রাদারফোর্ড।
রাদারফোর্ড ফেরার পর খারাপ সময় ওখানেই শেষ হয় স্বাগতিকদের। আমির জাঙ্গু আর কেসি কার্টি দলকে তরতরিয়ে সামনে টেনে তুলেন। কেসি ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও জাঙ্গু অভিষেক রাঙান সেঞ্চুরি দিয়ে। কেসি ফিরলেও গুদাকেশ মোতিকে নিয়ে এরপর শেষটা করেছেন জাঙ্গু।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৫০ ওভারে ৩২১/৫ (জাকের ৬২*, মাহমুদউল্লাহ ৮৪*, আফিফ ১৫, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, লিটন ০, তানজিদ ০)
ওয়েস্ট ইন্ডিজ ৪৫.৫ ওভারে ৩২৫/৬ (মোটি ৪৪*, জাঙ্গু ১০৪*, চেজ ১১, কার্টি ৯৫, রাদারফোর্ড ৩০, হোপ ৩, আথানেজ ৭, কিং ১৫)
ম্যাচসেরা: আমির জাঙ্গু
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী