× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম শ্রেনির ক্রিকেটে জ্যোতিরা

নারী ক্রিকেটে নতুন দিনের সূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ০৪:০৫ এএম

নারী ক্রিকেটে নতুন দিনের সূচনা

২০১১ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পাননি নারী ক্রিকেটাররা। বছর তিনেক আগে টাইগ্রেসদের টেস্ট স্ট্যাটাসও দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতায় এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেননি নিগার সুলতানা জ্যোতিরা। নারীদের টেস্ট ক্রিকেটে অভিষেক ত্বরান্বিত করতে অবশেষে প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২০২৩ সালে প্রথমবারের মতো উইমেনস বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দুই দিনের ম্যাচ ফরম্যাটে আয়োজন করা হয়েছিল। তবে এবার তিন দিনের ম্যাচের মাধ্যমে নারী দলের সামর্থ্য দেখতে আগ্রহী বিসিবি। তাই ছেলেদের মতোই চার দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী বিসিএলÑ দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। প্রতিযোগিতায় দলগুলো একে অপরের মুখোমুখি হবে চার রাউন্ডে। খেলাগুলো রাজশাহীর দুটি ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি ও শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 

বিসিবির নারীদের উইংয়ের প্রধান হাবিবুল বাশার ক্রিকবাজকে বলেন, ‘আমরা যদি টেস্ট খেলতে চাই, তাহলে আমাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। তাই এটিকে বলা যায় সেই লক্ষ্যে আমাদের প্রথম পদক্ষেপ। মেয়েদের আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ ফরম্যাটে খেলার জন্য তিন দিনের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি তারা এই ফরম্যাটে উন্নতি করে যেতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা টেস্ট ক্রিকেটেও প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হব। তবে এর জন্য প্রস্তুতি দরকার এবং এই উইমেনস বাংলাদেশ ক্রিকেট লিগ আমাদের সেই প্রস্তুতিতে সাহায্য করবে।’

আগামী ২১ ডিসেম্বর বাংলা ট্র্যাকে লড়বে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একই দিনে আরেক ভেন্যুতে মুখোমুখি হবে মধ্য ও উত্তরাঞ্চল। ২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণ ও উত্তরাঞ্চল। একই দিনে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্য ও পূর্বাঞ্চল। তবে আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে আসার পর বাকি দুই রাউন্ডের খেলা শেষ করা হবে। 

চার দলের স্কোয়াড- 
পূর্বাঞ্চল : ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।
মধ্যাঞ্চল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মণ্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
উত্তরাঞ্চল : সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবণী আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
দক্ষিণাঞ্চল : রাবেয়া (অধিনায়ক), শামিমা সুলতানা, বীথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রূপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা