প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ০০:২৮ এএম
কিলিয়ান এমবাপে
গত অক্টোবরে ছুটি নিয়ে দুই দিনের জন্য সুইডেনের স্টকহোমে বেড়াতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। সে সময় বিতর্কে জড়িয়ে পড়েন। ধর্ষণকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে এমবাপের বিরুদ্ধে। এ নিয়ে সত্য উদঘাটন করতে তদন্তে নেমে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুইডিশ কৌঁসুলিরা তদন্ত শুরু করলেও সন্দেহভাজন কারও নাম জানাননি সে সময়।
এমবাপে প্রতিনিধিরা অবশ্য এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন। এমনকি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ডের এই দাবি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। সুইডিশ কৌঁসুলিরা এমবাপেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। শুধু তাই নয়, তদন্তও বন্ধ করে দিয়েছেন তারা।
এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডেনের রাজধানী স্টকহোমের এক হোটেলে ঘটে যাওয়া ঘটনার তদন্ত কার্যক্রম চালানোর মতো যথেষ্ট তথ্যপ্রমাণ নেই।
এমবাপের বিরুদ্ধে তদন্ত বন্ধ করা নিয়ে সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’
এমবাপে কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট ছিলেন না। সেটাও নিশ্চিত করেন তিনি।